Published : 06 Jul 2023, 10:49 PM
দুই অংশে মুক্তি দেওয়া হবে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সপ্তম সিনেমাটি।
প্রথম অংশ ‘মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান’ এ হলিউড অভিনেতা টম ক্রুজকে বরাবরের মতোই এজেন্ট ইথান হান্টের চরিত্রে দেখা যাবে এবং টমের বিপরীতে ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন ‘দ্য এন্টিটি’ নামের একটি সংবেদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা।
বিবিসি জানিয়েছে, ‘দ্য এন্টিটি’র বৈশিষ্ট্য অন্য যে কোনো ‘এআই’ থেকে সম্পূর্ণ আলাদা, যার উদ্দেশ্য পৃথিবীর সমস্ত তথ্য সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা।
সিনেমার শুরুর দিকের এক দৃশ্যে দেখা যায়, এক ঘরে দ্রুত গোয়েন্দা তথ্য কাগজে লিপিবদ্ধ করতে থাকে টাইপিস্টরা। ‘দ্য এন্টিটি’ যেন কোনো ক্রমেই তথ্যগুলোকে সংগ্রহ করতে না পারে, সেজন্যই তথ্যগুলো সরিয়ে ফেলে তারা।
নির্মাতা ও সহ-লেখক ক্রিস্টোফার ম্যাকুয়ারির বরাতে বিবিসি জানিয়েছে, ‘মিশন ইম্পসিবল’ প্রযুক্তিনির্ভর কিংবা কম্পিউটার ভাইরাস সম্পর্কিত কোনো গল্প নয়। আর তাই সিনেমায় দ্য এন্টিটি’কে পরাজিত করার জন্য একটি ছোট ধাতব চাবি ব্যবহার করা হয়। দুই টুকরা বিশিষ্ট চাবিটি একসঙ্গে জোড়া লেগে থাকে। চাবিগুলো সাধারণত গলায় পাতলা চেইনের সাহায্যে পরে থাকে চরিত্রেরা।
গত বছরের মাঝামাঝি সিনেমাটির ২ মিনিটের একটি ট্রেইলার প্রকাশ পায়। ট্রেইলারের প্রথম দৃশ্যে (হেনরি চারনি অভিনীত চরিত্র) ইউজিন কিটরিজ ইথান হান্টকে (টম ক্রুজ) বলছেন, “বৃহত্তর গোষ্ঠীর ভালো করার লক্ষ্যে তোমার যে লড়াই তা শেষ হয়ে গেছে।”
ইথানকে উদ্দেশ করে তাকে আরও বলতে দেখা যায়, “সত্যকে নিয়ন্ত্রণ করার এটাই আমাদের সুযোগ। আগামী শত বছর ধরে সবার ভালো ও মন্দের ধারণা নিয়ন্ত্রণ করার সুযোগ। তুমি একটি আদর্শকে রক্ষার জন্য লড়ছো যা বাস্তব নয়, কখনোই ছিলো না। তোমাকে একটা পক্ষ নিতে হবে।”
ট্রেইলারে দেখা যায় যে টম ক্রুজ জানেন তিনি কোন পক্ষে যাবেন।
এছাড়াও গতমাসে ইউটিউবে প্রকাশ পেয়েছে সিনেমার আর একটি ট্রেইলার। ট্রেইলারে অসাধারণ সব স্ট্যান্ট আর অ্যাকশন করতে দেখা যায় ক্রুজকে।
‘মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান’-এ নতুন চরিত্রের মাঝে রয়েছেন ইন্দিরা ভার্মা, পম ক্লেমেনটিফ, এসাই মোরালেস।
চলতি বছরের ২৩ জুলাই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। আর এই সিনেমার পার্ট টু আসবে আগামী বছর।