২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

নায়ক থেকে খলনায়ক, ভক্তরা চাইছেন আরও

পাঠান সিনেমায় ভিলেন জন আব্রাহাম নিজেকে তুলে ধরেছেন দারুণ দক্ষতায়।

নায়ক থেকে খলনায়ক, ভক্তরা চাইছেন আরও

পাঠান সিনেমায় জন আব্রাহাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 09:05 PM

Updated : 08 Feb 2023, 09:05 PM

বলিউডে নায়ক থেকে খলনায়কের ভূমিকায় এসে দর্শকদের মন কেড়েছেন জন আব্রাহাম। পাঠান মুক্তির পর এখন তার অভিনীত জিম চরিত্রটি নিয়ে আলাদা সিনেমার দাবি তুলেছেন ভক্তকূল।

সিদ্ধান্ত আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ খানের জমজমাট অ্যাকশনের সঙ্গী হিসেবে ভিলেন জন আব্রাহাম নিজেকে তুলে ধরেছেন দারুণ দক্ষতায়। পর্দার সেরা খলনায়কদের একজন হিসেবে তাকে এখন বিবেচনা করছেন অনেকেই।

সম্প্রতি ভক্তদের তরফ থেকে শুধু জনের ‘জিম’ চরিত্রটি নিয়ে একটি স্বতন্ত্র সিনেমা তৈরির দাবি উঠেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জিমের প্রত্যাবর্তন নিয়ে জন নিজেও আশাবাদী। তিনি বলেছেন, “পাঠানের জিম চরিত্রটির জন্য যে ভালোবাসা পেয়েছি, তা সত্যি অবিশ্বাস্য! একজন অভিনেতা হিসাবে দর্শক ও ভক্তদের ভালবাসার জন্যই কাজ করে যাই। দর্শক জিম চরিত্রকে এতবেশি ভালবাসবে, আরও চাইবে, তা প্রত্যাশা করিনি।”

পুরানো খবর:

মাঝে মাঝে নিজেকে মনে হয় ‘মাংসের দোকান’: জন

ভক্তদের প্রিকুয়ালের দাবিতে জন বলেন, “জিম চরিত্রটির ‘প্রিক্যুয়াল’র অনুরোধ জানিয়ে সোশাল মিডিয়ায় রোজ অসংখ্য মেসেজ আসছে। বিষয়টি অবাক করবার মতো। সাধারণত দর্শকেরা নায়ককে পছন্দ করে। সেখানে তারা খলনায়ককে বিশেষভাবে পছন্দ করছেন। সত্যি সৌভাগ্যবান আমি।”

Image

জন আব্রাহাম

পাঠানের জিম ভারতীয় গোয়েন্দা সংন্থা ‘র’ এর সাবেক এজেন্ট। তবে ‘র’ এর সঙ্গে সম্পর্ক নষ্টের পর ‘আউটফিট এক্স’ নামের একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী দল তৈরি করেন জিম।

ভক্তরা এই শক্তিশালী চরিত্রটির অতীত নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন বলেই আলাদা সিনেমার দাবি তুলেছেন।

জনের কথায়, “যে আঘাত জিমকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, যে দুর্বিষহ যন্ত্রণা সইতে হয়েছে তাকে, তার ফলেই অন্য এক মানুষে রূপ নেয় জিম। জিম অত্যন্ত শক্তিশালী একটি চরিত্র। আশা করছি, আদিত্য চোপড়া চরিত্রটাকে হয়ত ফিরিয়ে আনবেন।”