১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়া কি ‘ভূতপরীতে’ খুন হয়েছিলেন?

‘ভূতপরী’ কলকাতায় মুক্তি পাবে আগামী ৯ ফেব্রুয়ারি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 11:25 AM

Updated : 02 Jan 2024, 11:35 AM

ঊনিশশ সাতচল্লিশে পৃথিবী ছেড়ে চলে যাওয়া এক নারী ভূত হয়ে ফিরে এসে নিজের মৃত্যুর কারণ উদঘাটন করে চলেছেন। এই গোয়েন্দাগিরিতে তাকে সহযোগিতা করছে এক শিশু।

ভূতের গল্পের এই সিনেমায় ভূত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার এই সিনেমার নাম ‘ভূতপরী’।

গেল বছর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ এবং সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’ করে দারুণ আলোচনায় থাকা জয়া নতুন বছর শুরু করতে চলেছেন ‘ভূতপরী’ দিয়ে। সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে আগামী ৯ ফেব্রুয়ারি।

ফেইসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির দিনতারিখ জানিয়েছেন জয়া।

‘ভূতপরী’ পরিচালনা করেছেন নির্মাতা সৌকর্য ঘোষাল, চিত্রনাট্য তারই লেখা।

এর আগে এসেছে সিনেমার মোশন পোস্টারের রিলস। সেই পোস্টারে দেখা গেছে, অভিনেত্রীর পিঠে রয়েছে দুটি ডানা। ক্যাপশনে লেখা- ‘মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়?’

সিনেমায় জয়ার সহশিল্পী হিসেবে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি।

সিনেমার শুটিং শেষ হয় কোভিড মহামারীর আগে। নানা জটিলতায় আটকে ছিল অন্যান্য কাজ। সেসব সেরে নিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ‘ভূতপরী’।