১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা আইনের খসড়ায় ‘থাকছে’ চলচ্চিত্র বিভাগ

“চূড়ান্ত অনুমোদন হবে শিল্পকলা একাডেমির পরিষদ বৈঠকে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 12:47 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংশোধনের খসড়ায় চলচ্চিত্রকে ‘স্বতন্ত্র বিভাগ’ হিসেবে রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

চলচ্চিত্রকর্মীরা যখন শিল্পকলা থেকে ‘চলচ্চিত্রকে বাদ’ দেওয়া নিয়ে প্রতিবাদে সরব, তখন এ খবর জানালেন তিনি। 

জামিল আহমেদ বলেন, “আমরা শিল্পকলা আইনের খসড়াটি আবার পর্যালোচনা করেছি, সেখানে চলচ্চিত্রকে স্বতন্ত্র বিভাগ হিসেবে রাখা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন হবে শিল্পকলা একাডেমির পরিষদ বৈঠকে।”

এর আগে কেন চলচ্চিত্রকে বাদ দেওয়া হয়েছিল, সেই প্রশ্নে জামিল আহমেদ বলেন, “আমি তো একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, চলচ্চিত্রকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যে খসড়াটি ওয়েবসাইটে দিয়েছিলাম, সেটি জনমত যাচাইয়ের জন্যই দিয়েছিলাম। এখন অনেকে চাইছেন চলচ্চিত্র থাকুক, আমরা সংশোধিত খসড়ায় সেটি রেখেছি।” 

“চলচ্চিত্রের প্রায় সবই তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন, এফডিসি, সেন্সরবোর্ড, ফিল্ম আর্কাইভসহ সিনেমা সংশ্লিষ্ট সরকারের প্রায় সব প্রতিষ্ঠানই তথ্য মন্ত্রণালয়ের অধীনে।”

চলচ্চিত্রের কাজের জায়গাটি ব্যাপক এবং বিশাল উল্লেখ করে জামিল আহেমদ বলেন, “শিল্পকলার একটি বিভাগ হয়ে এখানে বড় কিছু করা যাবে না। বরং সরকারের চলচ্চিত্র সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে আরো সক্রিয় করতে হবে। প্রয়োজনে আরো বড় পরিসরে চলচ্চিত্র কেন্দ্র গড়ে তুলতে হবে। এতদিন শিল্পকলায় নাট্যকলার সঙ্গে একটি উপ-বিভাগ হয়েছিল চলচ্চিত্র। ফলে এখানে সিনেমা নিয়ে খুব বেশি কাজ করা হয়নি।”

শিল্পকলার অংশ হিসেবে চলচ্চিত্রকে রাখা মানে ‘আমলাতান্ত্রিক জটিলতা বাড়ানো’ বলে মনে করেন জামিল আহমেদ। 

তিনি বলেন, “আমরা মনে করেছিলাম, চলচ্চিত্রকে আরো বড় পরিসর দিতে হবে। চলচ্চিত্রের পুরো ব্যাপারটি যখন তথ্য মন্ত্রণালয়ের সাথে, সেখানেই চলচ্চিত্রকে আরো বড় পরিসরে কাজের জায়গা তৈরি করতে হবে। এখন যেহেতু সিনেমা সংশ্লিষ্ট অনেকে শিল্পকলায় চলচ্চিত্র বিভাগ চাইছেন, আমরা সংশোধিত খসড়ায় সেটি রেখেছি। চূড়ান্ত অনুমোদন হবে শিল্পকলার পরিষদের সভায়।”

গত ৩১ অক্টোবর ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’ এর সংশোধিত খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের জন্য একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত খসড়ায় দেখা যায়, এর আগে নাট্যকলা বিভাগের সাথে চলচ্চিত্র থাকলেও সংশোধিত খসড়ায় চলচ্চিত্রকে বাদ দেওয়া হয়। 

এ নিয়ে ক্ষোভ তৈরি হয় চলচ্চিত্রকর্মীদের মাঝে। অনেকেই ফেইসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন। 

১৭৫ জন নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রকর্মী গত রোববার এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’ এর সংশোধিত খসড়ায় বাদ দেওয়া হয়েছে চলচ্চিত্র বিভাগকে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শিল্পকলা থেকে চলচ্চিত্র বাদ নয় বরং চলচ্চিত্রকে পৃথক এক বিভাগ করার জন্য দাবি জানাচ্ছি।”

চলচ্চিত্র নির্মাতা আকরাম খান গ্লিটজকে বলেন, “শিল্পকলা একাডেমিতে বহু বছর ধরেই চলিচ্চত্রের শিল্পকলার দিকটি চর্চিত হয়ে আসছে। অভিনয়, ডিরেকশন, চলচ্চিত্রবিষয়ক ওয়ার্কশপ, ফিল্ম ফেস্টিভাল, পাঠচক্র সবই যুক্ত আছে। 

“এখান থেকে যদি চলচ্চিত্র বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শিল্পের চর্চা হবে কী করে? বাংলাদেশকে চলচ্চিত্রবান্ধব করতে সরকার স্বাধীন ফিল্ম কমিশন গঠন করছে। আমরা যারা এর রূপরেখা তৈরিতে কাজ করছি সেখানে সব জায়গাতেই শিল্পকলাকে কীভাবে চলচ্চিত্রের বিকাশের ক্ষেত্রে কাজে লাগানো যায়, প্রক্রিয়াশীল করা যায় সেসব চেষ্টা চলছে।” 

মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন, নির্মাতা কামার আহমেদ সাইমনসহ অনেকে শিল্পকলা থেকে চলচ্চিত্র বিভাগ বাদ দেয়ার প্রতিবাদ জানান।

আগের খবর

শিল্পকলায় আলাদা চলচ্চিত্র বিভাগের দাবি

সংশোধন হবে আইন, খসড়া প্রকাশ করে মতামত চেয়েছে শিল্পকলা