Published : 06 Mar 2026, 04:32 PM
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ফের আইনি বিপাকে পড়েছেন। ‘মদ্যপ অবস্থায়’ গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন এই সংগীতশিল্পী।
ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে এই ঘটনা ঘটেছে বলে লিখেছে বিবিসি। গত বুধবার দিকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েক ঘণ্টা পর স্পিয়ার্সকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ওইরাত সাড়ে ৯টার দিকে স্পিয়ার্সকে হাতকড়া পরিয়ে আটক করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল। গ্রেপ্তার সংক্রান্ত নথি বলছে, বৃহস্পতিবার ভোরে স্পিয়ার্সকে ছেড়ে দেওয়া হলেও আগামী ৪ মে আদালতে হাজির হতে হবে। মামলার শুনানি হবে ভেনচুরা কাউন্টি সুপ্রিম কোর্টে।
ব্রিটনির এক প্রতিনিধি বিবিসি নিউজকে বলেন, “যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য ঘটনা।”
গ্রেপ্তারের ঘটনায় স্পিয়ার্স উপযুক্ত পদক্ষেপ নেবেন জানিয়ে ওই প্রতিনিধি বলেনম গায়িকা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি তা মেনে চলবেন। তিনি বলেন, আশা করা যায়, ব্রিটনির জীবনে যে পরিবর্তনের দীর্ঘ প্রতীক্ষা ছিল, এটি হবে তার প্রথম ধাপ।
ওই প্রতিনিধি আরও বলেন, “ব্রিটনির সন্তানরা তার সঙ্গেই থাকবে এবং নিকটাত্মীয়রা তার সার্বিক কল্যাণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন।”
গ্রেপ্তারের খবর জানাজানি হতেই বৃহস্পতিবার ইনস্টাগ্রাম থেকে নিজের অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলেন স্পিয়ার্স।
মাত্র ১৬ বছর বয়সে ‘বেবি ওয়ান মোর টাইম’ গান দিয়ে সুপারস্টার খ্যাতি পেয়ে যান ব্রিটনি স্পিয়ার্স। এরপর ‘টক্সিক’, ‘ওম্যানাইজার অ্যান্ড উফস’ ও ‘আই ডিড ইট এগেইন’ এর মত সুপারহিট গান গেয়েছেন এই তারকা।
স্পিয়ার্সের সর্বশেষ স্টুডিও অ্যালবাম আসে ২০১৬ সালের ‘গ্লোরি’। যুক্তরাষ্ট্রে শেষবার তিনি লাইভ পারফর্ম করেন ২০১৮ সালে, টেক্সাসের একটি অনুষ্ঠানে।
পরবর্তী সময় লাস ভেগাসে নতুন ‘রেসিডেন্সি শো’ করার পরিকল্পনা থাকলেও তা আর হয়নি এবং ধীরে ধীরে পারফরম্যান্স থেকে দূরে সরে যান এই পপ তারকা।
সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছিলেন, ব্যক্তিগত কিছু সংবেদনশীল কারণে তিনি আর যুক্তরাষ্ট্রে লাইভ পারফরম্যান্স করবেন না। তবে ভবিষ্যতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় মঞ্চে ফেরার আশা প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন
ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগারির সংসার ভাঙল