Published : 18 Aug 2023, 12:59 PM
বছরখানেকের বেশি এক ছাদের নিচে থাকার পর আলাদা হচ্ছেন পপ সংগীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগারি।
বিবিসি জানিয়েছে, বুধবার তারা বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ঘর বাঁধলেও তা টিকল মাত্র ১৪ মাস।
৪১ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে ১২ বছরের ছোট স্যাম আসগারির বাগদান হয়েছিল ২০২১ সালে সেপ্টেম্বরে। ১০ মাস পর ২০২২ সালের জুনে ছোট পরিসরে কিন্তু তারকাবহুল অনুষ্ঠানে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন। এর ১৪ মাস পরই বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি।
মাঝে গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপে অবকাশ যাপনের সময় মা হওয়ার খবর দিয়েছিলেন স্পিয়ার্স। আর চলতি বছরই তাদের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের খবর এসেছিল মার্কিন সংবাদ মাধ্যমে।
আসগারি পেশায় একজন অভিনেতা ও ফিটনেস ট্রেইনার। তার জন্ম তেহরানে, তবে যুক্তরাষ্ট্রে থিতু হন ১২ বছর বয়সে।
মাত্র ১৬ বছর বয়সে ‘বেবি ওয়ান মোর টাইম’ গান দিয়ে সুপারস্টার খ্যাতি পেয়ে যান ব্রিটনি স্পিয়ার্স। এরপর ‘টক্সিক’, ‘ওম্যানাইজার অ্যান্ড উফস’ ও ‘আই ডিড ইট এগেইন’ এর মত সুপারহিট গান গেয়েছেন এই তারকা।
বিয়ে বিচ্ছেদের খবর দিয়ে ইনস্টাগ্রামে স্যাম আসগারি বলেছেন, “ছয় বছর পরস্পরের প্রতি ভালবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার পর আমার স্ত্রী আর আমি এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান ধরে রাখব। সবসময় তার মঙ্গল কামনা করি।”
বিচ্ছেদের ঘটনায় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে প্রশ্ন না করতে সংবাদ মাধ্যমসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন আসগারি।
তার কথায়, “ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা হাস্যকর মনে হয়। তাই মিডিয়াসহ সবাইকে বলব এ বিষয়টিতে সদয় আর চিন্তাশীল হতে।”
বিষয়টি নিয়ে ব্রিটনি স্পিয়ার্সের কোনো প্রতিনিধি মন্তব্য করেননি।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে আসগরির দাখিল করা বিচ্ছেদ আবেদনে খোরপোশ সংক্রান্ত বিষয় এবং অ্যাটর্নি ফি ব্রিটনি স্পিয়ার্সকে পরিশোধ করতে বলা হয়েছে।
আসগারির সঙ্গে মার্কিন এই পপ তারকার সাক্ষাৎ হয়েছিল ২০১৬ সালে। সেসময় ব্রিটনি স্পিয়ার্স তার ‘স্লাম্বার পার্টি’ গানের ভিডিও শুট করছিলেন।
বাবার আইনি অভিভাবকত্বের অর্গল থেকে মুক্তির পরই আসগারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ব্রিটনি। গতবছর ক্যালিফোর্নিয়ায় এই সুপারস্টারের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়। সেই অনুষ্ঠানে প্যারিস হিলটন, ম্যাডোনা এবং ড্রিউ ব্যারিমোর এর মত তারকারও হাজির ছিলেন।
২০১৪ সালে বাল্যবন্ধু জেসন আলেক্সান্ডারকে বিয়ে করেছিলেন ব্রিটনি স্পিয়ার্স। পরে তারা আলাদা হয়ে যান। এরপর র্যাপার কেভিন ফেডারলিনের সঙ্গে সংসার শুরু করেন। ২০০৭ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। ওই সংসারে দুই সন্তান রয়েছে ব্রিটনি স্পিয়ার্সের।
আরও পড়ুন-