Published : 12 Mar 2026, 09:41 PM
ঈদের ‘দম’ সিনেমার জন্য ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন করে গেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিন এই গানটি গেয়েছিলেন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য।
দীর্ঘ ৪৪ বছর পর নতুন সংগীত আয়োজনে ‘দম’ সিনেমার জন্য আবারও গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন।
‘এই মন তোমাকে দিলাম’ গানটির কথা লিখেছেন গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ।
‘দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’।
তবে গানটিতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। গানের সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।
বিজ্ঞপ্তিতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, গানটির রেকর্ডিং হয়েছে বুধবার। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস।
গানটি নতুন করে গাওয়ার প্রতিক্রিয়ায় সাবিনা ইয়াসমিন বলেন, “নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।”
সিনেমায় গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, “‘দম’ বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে।”
রনি বলেন, “‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। সিনেমাটাও এমন! যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।”
গীতাকার পরিবার থেকে গানটির অনুমতি নেওয়া হয়েছে কিনা প্রশ্নে রনি বলেন, “গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, গান রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন এবং পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছে।”
সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আবারও গানটি শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিঠি আনোয়ার।
তিনি বলেন, “সাবিনা ইয়াসমিন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। বাবার লেখা অধিকাংশ গানই তিনি গেয়েছেন। যার প্রায় সবই শ্রোতাপ্রিয়। আবার তার কণ্ঠে গানটি শুনে মনে হল যেন সেই আগের মতই লাগছে। সেই আবহটাই ফিরে এসেছে।”
এমন একটি কালজয়ী গানের অংশ নিয়ে নতুন একটি গান তৈরি করা বেশ কঠিন বলেই মনে হয়েছে গানটির সংগীত পরিচালক নিধির কাছে।
তিনি বলেন, “যাদের গান শুনে বড় হয়েছি, তাদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমিন যখন বললেন যে গানটি তার ভালো লেগেছে, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি।”
শিল্পী মোমিন জানিয়েছেন, সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়া তার কাছে স্বপ্নপূরণের মত একটি অভিজ্ঞতা হয়েছে।
‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।
নির্মাতা রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি।
আরও পড়ুন:
'দমে' নিশোর সঙ্গে পূজা, মহরতে এলেন পালকিতে
কাজাখস্তানে 'দমের' প্রথম ধাপের শুটিং শেষ, প্রস্ততি দ্বিতীয় ধাপের
কাজাখস্তানে 'দমের' প্রথম ধাপের শুটিং শেষ, প্রস্ততি দ্বিতীয় ধাপের