'দম’ থাকলে ঠেকায় কে?
পোস্টারে ক্লান্ত, বিধ্বস্ত চেহারায় ধরা দিয়েছেন অভিনেতা আফরান নিশো।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রোজার ঈদের সিনেমা 'দম' এর অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে।
রোববার পোস্টার প্রকাশ করে সিনেমার পরিচালক রেদওয়ান রনি ফেইসবুকে লিখেছেন, "শুধু লড়াই নযঅস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?”
পোস্টারে ক্লান্ত, বিধ্বস্ত চেহারায় দেখা যাচ্ছে অভিনেতা আফরান নিশোকে। পোস্টারের পটভূমিতে দেখা গেছে গাধার পিঠে বসেছেন এক ব্যক্তি, তার পেছনে অস্ত্রধারী অনেক মানুষ।
সিনেমাটি নিয়ে বিজ্ঞপ্তিতে রনি বলেন, "দম হল সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প, মানে পাওয়ার অফ আ কমন ম্যান। এই গল্পটা আসলে সবার। পোস্টারটা দর্শকদের ভালো লাগছে, এটাই আমাদের জন্য আনন্দের। আরও অনেক চমক অপেক্ষা করছে।"
তিনি জানিয়েছেন, এটি কেবল একটি সিনেমা নয়, বরং সত্য ঘটনার আলোকে মানবিক সাহসের এক শক্তিশালী উপাখ্যান।
'দমের' পোস্টারে ট্যাগ লাইনে লেখা রয়েছে 'আনটিল দ্য লাস্ট ব্রেথ'।
নিশো ছাড়াও 'দম' সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।
নির্মাতা রনির সঙ্গে 'দম' সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি।
আলফা-আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, "পোস্টার প্রকাশের মাধ্যমে দমের অফিশিয়াল প্রমোশন শুরু হল। আরও অনেক কিছু আসবে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন। অনেক নতুন কিছু তাদের জন্য অপেক্ষা করছে।"
আরও পড়ুন:
