Published : 24 Apr 2026, 10:34 PM
ছোটপর্দার অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন; তার বয়স হয়েছিল ৬০ বছর।
শুক্রবার রাতে ঢাকার রামপুরার বাসভবনে এ অভিনেতার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বড় ছেলে তাছফিক জামান।
তিনি গ্লিটজকে বলেন, "রাত ৮ টা ০৫ মিনিটে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছিল। বাসাতেই মারা যান।"
খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন তপন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
তাছফিক বলেন, তারা বাবার জানাজা হবে শুক্রবার রাত ১১ টায়; আফতাবনগরে। তারপর মরদেহ নেওয়া হবে টাঙ্গাইলের ধনবাড়ীতে। সেখানে শনিবার সকাল ১০টায় আরেকবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে বুধবার অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন গ্লিটজকে বলেছিলেন, “তপনের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা বলেছেন, ক্যানসার ‘চতুর্থ পর্যায়ে’ আছে। তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। ওজন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। কিছুই খেতে পারে না। শরীরের অবস্থা ভালো না।”
বড় পর্দাতেও কাজ করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে অভিনয় করতেন তিনি।
তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।