১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাকিবের সঙ্গে ‘আলাপের’ ইচ্ছে মীরের

সাকিবের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছা মীরের

সাকিবের সঙ্গে ‘আলাপের’ ইচ্ছে মীরের

সাকিব আল হাসান ও মীর আফসার আলী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 12:55 AM

Updated : 27 Dec 2022, 12:55 AM

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে দেখা ও আলাপ করার ইচ্ছা প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী।

সোমবার সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পোস্ট করা ছবি শেয়ার করে এ ইচ্ছার কথা জানান মীর।

কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশেও জনপ্রিয় কলকাতার এ রেডিও জকি, অভিনেতা, গায়ক ও উপস্থাপকসহ অনেক পরিচয়ের অধিকারী আফসার আলী, যিনি মীর নামেই বেশি পরিচিত।

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষে গ্রামের বাড়ি মাগুরায় ছুটি কাটাচ্ছেন টেস্ট অধিনায়ক সাকিব। বাড়ির উঠোনে স্বামীর সঙ্গে রান্নায় মেতে ওঠা শিশির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেইসবুকে।

এর পরপরই রান্নার সেসব ছবি শেয়ার দিয়ে মীর লিখেন, “আমার সাকিব ভাইয়ের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছা। বড্ড ভালো লাগে মানুষটাকে।”

এর আগে সুযোগ থাকার পরও দেখা না করার কারণ ব্যাখ্যা করে মীর বলেন, “এক-আধবার সুযোগ যে পাইনি তা নয়। কিন্তু বিরক্ত করতে ভালো লাগে না। ওর মতন মানুষ সারাক্ষণই ভক্ত দ্বারা ঘেরা। তার মধ্যে ওনাকে বিব্রত করতে ইচ্ছা হয়নি কোনোদিনও। কিন্তু আজ এই ছবিগুলো দেখে এত ভালো লাগলো, শেয়ার করলাম।”

সাকিবের সঙ্গে দেখা করার প্রত্যয় ব্যক্ত করে মীরাক্কেল উপস্থাপনা করে খ্যাতি পাওয়া মীর আরও লেখেন, “ইনশাআল্লাহ, কোনো না কোনো সময় হবে নিশ্চয়।”

সেই সঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, “যেমন এ বছর চঞ্চল চৌধুরী দাদার সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সৌভাগ্য হয়েছে কলকাতায়। ওটা স্বপ্নপূরণ ছিল আমার জন্য।”

২৭ বছর রেডিও মিরচিতে উপস্থাপনার পর গত জুলাইতে এ স্টেশনকে বিদায় জানান মীর। তার আগে ফুড ভ্লগার আদনান ফারুক হিল্লোলের আমন্ত্রণে নিজের ফুড ভ্লগ চ্যানেল ‘ফুডকা’র কাজে ঢাকা ঘুরে যান।

বর্তমানে ফুডকা ও নিজের ব্র্যান্ড ‘ব্যান্ডেজ’ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ তারকা উপস্থাপক।