রাজা চার্লসের অভিষেক কনসার্টে থাকছেন যারা
রাজা চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে আগামী ৭ মে উইন্ডসর ক্যাসেলে ২০ হাজার মানুষের সমাগমে সাড়ম্বরে সেই কনসার্ট হবে।
ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক অনুষ্ঠানের কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও।
রাজা হিসেবে চার্লসের মুকুট পরার পরদিন আগামী ৭ মে আয়োজিত ওই অনুষ্ঠানের অতিথি তারকাদের মধ্যে তাদের নাম থাকার খবর জানিয়েছে বিবিসি।
অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এই অনুষ্ঠানে।
বিবিসি জানিয়েছে, অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে রাজা চার্লস ও ক্যামিলার নতুন ছবিও প্রকাশ করা হয়েছে। ফটোগ্রাফার হুগো বার্নাড এই ছবি তুলেছেন, যিনি ২০০৫ সালে তাদের বিয়ের অনুষ্ঠানেরও ফটোগ্রাফার ছিলেন।
একটি ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে আছেন চার্লস ও তার স্ত্রী ক্যামিলা। তাদের পরনে নীল পোশাক। এছাড়া আরেকটি ছবিতে উভয়কেই নীল ও সোনালি রঙের চেয়ারে বসে থাকতে দেখা যায়। গত মাসে বাকিংহাম প্যালেসের ব্লু ড্রয়িং রুমে ছবিগুলো তোলা হয়।
আগামী ৭ মে উইন্ডসর ক্যাসেলে ২০ হাজার মানুষের সমাগমে সাড়ম্বরে সেই কনসার্ট হবে। বিবিসি টেলিভিশন ও বিবিসি রেডিওতে তা সম্প্রচার হবে।
অনুষ্ঠানে ফিকশনাল টেডি বিয়ার ‘উইনি দ্য পুহ’-কে দেখা যাবে, যেটি ২০২২ সালে বাকিংহাম প্যালেসে প্লাটিনাম পার্টিতে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ‘প্যাডিংটন বিয়ার’ এর চা পানের দৃশ্য তুলে ধরবে।
রাজ্যাভিষেক অনুষ্ঠানের কনসার্ট পরিকল্পনার তালিকায় টেলিভিশন সিরিজ ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’র প্রাক্তন ড্যান্সার দক্ষিণ আফ্রিকার ওটি মাবুসসহ পপগ্রুপ টেক দ্যাট, মার্কিন পপ সংগীতশিল্পী কেটি পেরি ও লিওনেল রিচি, ইতালীয় সংগীতশিল্পী আন্দ্রেয়া বোসেলি ও ওয়েলসের সংগীতশিল্পী স্যার ব্রাইন টেরফেল রয়েছেন।
ব্রিটিশ সংগীতশিল্পী পালোমা ফেইথ, অলি মুরস, প্রবীণ রক গিটারিস্ট স্টিভ উইনউড, দ্য পুসিক্যাট ডলস’র নিকোল শেরজিঙ্গার এবং চীনা পিয়ানোবাদক ল্যাং ল্যাং, নাইজেরিয়ান শিল্পী তিওয়া স্যাভেজ, ডিজে পেট টং এবং টেলিভিশন ট্যালেন্ট শো বিজয়ী লুসি রয়েছেন সেই তালিকায়।
এছাড়া বলিউড তারকা সোনম কাপুরও জাকজমকপূর্ণ রাজকীয় সেই অনুষ্ঠানে থাকবেন।
বিবিসির ‘আনস্ক্রিপ্ট ডিরেক্টর’ কেট ফিলিপস বলেন, উইন্ডসর ক্যাসেলের চকমপ্রদ পটভূমিতে এই অনুষ্ঠান একটি কোলাহলপূর্ণ স্মরণীয় মুহূর্ত হতে চলেছে, যেটি তাদের মহারাজ আর যুক্তরাজ্যের সকলেই উপভোগ করবে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর আগামী ৬ মে লন্ডনের ওয়েস্ট মিনস্টার অ্যাবিতে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজমুকুট পরতে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। রাজ্যাভিষেক ঘিরে ইতোমধ্যে চার্লস ও ক্যামিলার নতুন ছবির পাশাপাশি ১৮ বছর বয়সী তরুণ চার্লসের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
চার্লস যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিকুলেশনের ছাত্র ছিলেন, সেসময় ওই ছবি তোলা হয়েছিল। তবে এতদিন তা অপ্রকাশিত ছিল এবং ট্রিনিটি কলেজ ওই ছবি সংরক্ষণ করছিল।
