১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক যাত্রা, তিন জীবনের গল্পে আসছে ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’

বৃহস্পতিবার থেকে দেখা যাবে 'নীলাঞ্জনা এক্সপ্রেস'।

এক যাত্রা, তিন জীবনের গল্পে আসছে ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’
'নীলাঞ্জনা এক্সপ্রেস' নাটকের পোস্টার। ছবি: বঙ্গের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 11:09 AM

Updated : 26 Aug 2026, 03:01 PM

অচেনা শহর, একটি অপ্রত্যাশিত যাত্রা এবং তিন মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’।  

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে নাটকটি। ফেইসবুক এক পোস্টে বঙ্গ লিখেছে, "সব যাত্রাই কি গন্তব্যে পৌঁছানোর? নাকি কিছু যাত্রা শুধু পাশের মানুষটাকে চেনার জন্য? 'নীলাঞ্জনা এক্সপ্রেস' আসছে শিগগিরই।" 

নাটকটি লিখেছেন মানব মিত্র, পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ ঈশান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, ফয়জুল ইয়ামিন, পারভেজ সুমনসহ অনেকে।  

নাটকের চিত্রনাট্য নিয়ে মানব গ্লিটজকে বলেন, "জীবনের পথে কখন, কার সঙ্গে দেখা হয়ে যায়, আর সেই দেখা কীভাবে বদলে দেয় পুরো জীবনের মানে, সেই গল্প নিয়েই এই নাটক।"     

নাটকে দেখা যাবে, চমকে দিতে  বিদেশ থেকে ঢাকায় ফিরে এক দুর্ঘটনায় ব্যাগ, মোবাইল হারিয়ে ফেলে ভাষা নামের এক তরুণী। সে সিলেটে নিজের বাড়িতে যেতে চায়। কিন্তু পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সিলেটগামী সব বাস চলাচল বন্ধ থাকে। সেই অসহায় অবস্থায় ভাষার সঙ্গে পরিচয় হয় লিমনের। লিমন তার স্কুটিতে করে সিলেট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। 

মাঝপথে তাদের দেখা হয় মানিক নামের এক বাস ড্রাইভারের সঙ্গে। সেও ধর্মঘট না মেনে সিলেট থেকে ঢাকায় আসে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যেতে। এমনই ভিন্ন তিন মানুষের তিন গল্পের এক পথযাত্রা, ভালোবাসা, বিশ্বাস আর জীবনের অপ্রত্যাশিত মোড় নিয়ে এগিয়ে যাবে নাটকটি। 

নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে এই চিত্রনাট্যকার বলেন, "নাটকটির নির্মাণ খুব ভালো হয়েছে, আমি নাটকটি নিয়ে আশাবাদী। এখন দর্শক দেখে বাকিটা বলতে পারবে।" 

মানব জানিয়েছেন, বৃহস্পতিবার বঙ্গতে প্রচার হবে 'নীলাঞ্জনা এক্সপ্রেস'।