১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিন্দি সিনেমার প্রচারে বাংলায় প্রশ্ন করা নিয়ে বিতর্ক: যা বললেন প্রসেনজিৎ

“ওই দিনের ঘটনা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 12:27 AM

Updated : 26 Aug 2026, 01:21 PM

মুম্বাইয়ে একটি হিন্দি সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এক সাংবাদিকের বাংলায় প্রশ্ন করার ব্যাপারে আপত্তি তুলে বিতর্কের মুখে পড়েন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

বিষয়টি নিয়ে কয়েকদিন চুপচাপ থাকার পর সে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। ফেইসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, ওই দিনের ঘটনা ‘ভুল বোঝাবুঝি’ ছাড়া আর কিছু নয়। 

পাশাপাশি মাতৃভাষাকে অসম্মান করার কথা দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেন না বলেও বলেছেন প্রসেনজিৎ।  

ফেইসবুকে প্রসেনজিৎ লিখেছেন, “কিছুদিন হল আমার একটা কথা, বলা ভালো আমার বলা একটা বাক্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর ধরে মূলত বাংলায় কাজ করেছি। গত কয়েক বছরে জাতীয় স্তরে কাজ করার কয়েকটা সুযোগ এসেছে। সেরকমই এক হিন্দি সিনেমার ট্রেইলার মুক্তি উপলক্ষ্যে, ১ জুলাই বম্বের জুহু পিভিআরে সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন ছবির শিল্পী, পরিচালকরা মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়ত অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষই বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওনাকে বলি, বাংলায় কেন প্রশ্ন করছেন?”

বিষয়টি ‘ভুল বোঝাবুঝির কারণে হয়েছে’ জানিয়ে প্রসেনজিৎ লিখেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই একটা সেনটেন্সই তুলে ধরা হয়েছে, তাই অনেককেই আমার বলা কথার আক্ষরিক অর্থ না বুঝে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনো পাচ্ছি। কারণ ওই কথার ওরকম প্রতিক্রিয়া হতে পারে, আমি ভাবতেই পারিনি। হয়ত কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আর বলা কথার আক্ষরিক অর্থ আমি বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ মাতৃভাষাকে অসম্মান করার কথা, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা।”]\

দুঃখ প্রকাশ করে প্রসেনজিৎ লিখেছেন, “আমার কাছে বরাবরই বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত আমার এই ধারণা অটুট থাকবে। শেষে যেটা না বললেই নয়, আমি এটা বুঝেছি যে আমার বলা কথায় আপনারা মনে আঘাত পেয়েছেন, তাই আমি দুঃখিত। ঘটনা সম্পর্কে যেটুকু তথ্য, বা আমার তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম। ভালো থাকুন।”

প্রসেনজিৎ অভিনীত ‘মালিক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছে শুক্রবার। সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার রাও, মানষী ছিল্লার। 

ওই ঘটনার দিন সিনেমার নায়ক নায়িকা ছাড়াও পরিচালক পুলকিত এবং ‘মালিক’ সিনেমার কলাকুশলীরা। 

ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তারা।

তখন এক সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেন, “বাংলায় তোমাকে পুলিশের চরিত্রে দেখেছি, এখানেও মনে হচ্ছে ওই রকম একটা কিছু। এই চরিত্র কতটা আলাদা তোমার বাঙালি পুলিশ চরিত্রের থেকে? আর রাজকুমার একটা বাঙালি চরিত্র করবে, সৌরভ গাঙ্গুলীর চরিত্র। তোমার কী মনে হয়, ও কতটা ভালো করবে?”

সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে প্রসেনজিৎ বলেন, “বাংলায় কথা বলার কী দরকার?”

পরিস্থিতি সামলে নিতে রাজকুমার রাও সাংবাদিকের করা প্রশ্নটির হিন্দি অনুবাদ করে দেন। 

এরপর হিন্দি ও ইংরেজিতে প্রশ্নটির উত্তর দেন প্রসেনজিৎ। এ ভিডিও প্রকাশ্যে আসার পর প্রসেনজিৎকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। 

বাংলা সিনেমার পাশাপাশি গত কয়েক বছর বলিউডে নিয়মিত কাজ করছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।