Published : 25 Feb 2026, 02:52 PM
মজার কথায় পটু হিন্দি সিনেমার অভিনেত্রী কাজল নিজের আড়াই দশকের বেশি সময়ের দাম্পত্য জীবন নিয়ে রসিকতা করেছেন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কাজলের কথায়, “এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!”
গেল ২৪ ফেব্রুয়ারি ছিল কাজল ও অজয় দেবগনের ২৭তম বিবাহবার্ষিকী। একসঙ্গে দীর্ঘ পথচলাকে সোশাল মিডিয়ায় একটি ছবি দিয়ে এমন বার্তায় তুলে ধরেছেন কাজল।
‘ভালো’ দম্পতি হিসেবে নাম আছে কাজল ও অজয়য়ের। প্রকাশ্যেও তারা অনেকবার বলেছেন, তাদের দাম্পত্য রসায়ন পর্দার মতই উজ্জ্বল।
১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা দুজনের। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। তবে দুজনের ব্যক্তিত্ব আলাদা। কাজল ছটফটে, অজয় চুপচাপ থাকতে পছন্দ করেন। কিছুদিন আগে ‘মা’ সিনেমার প্রচারে অজয়ের সঙ্গে প্রথম দেখার স্মৃতি নিয়ে কাজল কথা বলেছিলেন।
কাজল বলেছিলেন, প্রথম দেখায় অজয়কে তার খুব একটা ‘মনে ধরেনি’। কাজল বুঝতে পারতেন না একটা মানুষ (অজয়) এত চুপচাপ থাকে কীভাবে!
‘হালচাল’ সিনেমার শুটিংয়ের সময়ের কথা তুলে ধরে কাজল বলেন, “ও খুব শান্ত, চুপচাপ মানুষ ছিল। এখনো আছে। কথা কম বলত। সেটের বাইরেও চুপচাপ থাকত।
“আমরা ৮-১০ ঘণ্টা সেটে বসে থাকতাম। আমরা কথা বলিনি, হাই, হ্যালো, কেমন আছেন? কথা না বলে চলবে কী করে?”
কিন্তু পরে তারা ভালোবেসে ফেলেন একে অপরকে। শুরু হয় প্রেমপর্ব, তারপর ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন দুই তারকা। এই দম্পতির দুই সন্তান, নিসা ও যুগ।
অজয়নের কথায় স্ত্রী হিসেবে কাজলের মূল্যায়ন ‘একদম পারফেক্ট’।
এক সাক্ষাৎকারে দুজনের ‘সুসম্পর্ক নিয়ে অজয় বলেছিলেন, “আসলে সম্পর্কের ক্ষেত্রে স্পেস দেওয়া খুব জরুরি। আমরা একে অপরকে ব্যক্তিগত স্পেসটা দিই। আর এটা ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের প্রত্যেকেরই আলাদা একটা জগৎ আছে।”
অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমায়। আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার।
আর কাজলের সবশেষ সিনেমা ‘সারজমিন’।