২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানে ইতিহাস গড়ল নেপালের যে সিনেমা

‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ সিনেমায় প্রান্তিক ট্রান্সজেন্ডার নারীদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে।

কানে ইতিহাস গড়ল নেপালের যে সিনেমা
‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরা/

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছে নেপালের চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’।

উৎসবের 'আঁ সার্তে রিগা বিভাগে' জুরি পুরস্কার জিতে প্রথমবারের মত এই বিভাগে কোনো নেপালি চলচ্চিত্রের স্বীকৃতি অর্জন করেছে সিনেমাটি।

সংবাদমাধ্যম মিন্ট ডট কম লিখেছে, কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে এই বিভাগে নির্বাচিত প্রথম নেপালি চলচ্চিত্র এটি। প্রথমবার নির্বাচিত হয়েই পুরস্কার জিতল সিনেমাটি।

অবিনাশ বিক্রম শাহর পরিচালনায় ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ সিনেমা তৈরি হয়েছে নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলের বনঘেরা গ্রাম থোরিকে কেন্দ্র করে। চলচ্চিত্রটিতে প্রান্তিক ট্রান্সজেন্ডার নারীদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র পিরাতি, যিনি কিন্নর সম্প্রদায়ের মাতৃস্থানীয় একজন নারী। তিনি ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখলেও হঠাৎ এক সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে নিজের ইচ্ছা ও সামাজিক দায়িত্বের জায়গা থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

পুরস্কার গ্রহণের পর অবিনাশ বিক্রম বলেন, "সিনেমা মানুষের জীবনের অদৃশ্য দিকগুলোকে আলোয় আনার শক্তি রাখে। পিরাতি ও তার সম্প্রদায়ের মত মানুষের জীবন দীর্ঘদিন ধরে আড়ালেই ছিল, এই চলচ্চিত্র সেই অদৃশ্যতাকে দৃশ্যমান করেছে।"

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পুষ্পা থিং, দীপিকা যাদব, জেসমিন বিশ্বকর্মা, শান্তি গিরি, গৌরী মল্লা, মাওতসে গুরুং, মহিমা নবাবাগ ও আকাঙ্ক্ষা কার্কি।

নেপালের আন্ডারগ্রাউন্ড টকিজ নেপাল ও জয়ন্তী ক্রিয়েশন্সের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির সঙ্গে ফ্রান্স, জার্মানি, ব্রাজিল ও নরওয়ের প্রযোজনা অংশীদার রয়েছে।

একই বিভাগে অস্ট্রিয়ার পরিচালক স্যান্ড্রা উলনারের চলচ্চিত্র ‘এভরিটাইম’ জুরি গ্র্যান্ড (সবচেয়ে বড়) পুরস্কার অর্জন করে। বিশেষ জুরি পুরস্কার পেয়েছে লুইস লুই ক্লিচির অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আয়রন বয়’।  

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘কঙ্গো বয়’ চলচ্চিত্রের ব্র্যাডলি ফিওমোনা ডেম্বিয়াসেট। সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন ভ্যালেন্তিনা মৌরালের ‘সিয়েম্প্রে সয় তু অ্যানিমাল মাতের্নো’ চলচ্চিত্রের তিন অভিনেত্রী ড্যানিয়েলা ম্যারিন নাভারো, ম্যারিনা ডি তাভিরা ও মারিয়েল ভিলেগাস।