Published : 11 Dec 2025, 08:04 PM
নানা ধরনের সংকটের মধ্য দিয়ে জীবন কাটান শামসুজ্জামান। কখনো তিনি হিমশিম খান পারিবারিক সমস্যায়, কখনো তাকে গ্রাস করে ব্যক্তি সমস্যা। তবুও পেশাগত জীবনে সেসবের ছায়া যাতে না পড়ে, সেই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় শামসুজ্জামানকে। কারণ তিনি একজন কমেডিয়ান; মানুষকে হাসিয়ে আনন্দ দেওয়াই তার জীবিকা।
শামসুজ্জামানের জীবনের সংকট ও তা উতরে যাওয়ার গল্পে ওটিটিতে প্রকাশ পাচ্ছে ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি। এর মধ্যে প্রকাশ পায় সিনেমার প্রায় দুই মিনিটের ট্রেইলার।
ট্রেইলারে দেখা গেছে, কমেডিয়ান শামসুজ্জামানের সহযোগী কালো রঞ্জন। কেউ শামসুজ্জামানের হাস্যরস কথা শুনে না হাসলেও তার সহযোগীদের হাসতে হবে, এটাই নিয়ম। ভিডিওতে দেখা যায় শামসুজ্জামান দর্শকদের জিজ্ঞেস করেন এই জেনারেশনের কাছে সব থেকে বড় 'হিস্ট্রি' কোনটা জানেন? সেটা হচ্ছে ব্রাউজিং 'হিস্ট্রি'।
‘ডিমলাইট’ নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ওয়েব ফিল্মটির সহ–প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।
শামসুজ্জামান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম।
একটি প্রমোশন ভিডিওতে ‘ডিমলাইট’ নিয়ে মোশাররফ করিম বলেন, “আসল কমেডি হল মানুষের জীবন। তার থেকে বেশি এই কমেডিতে পড়ে যারা মিডলাইফ ক্রাইসিস, আমরা সেটাই বলতে যাচ্ছি ডিমলাইট ক্রাইসিসে। খুব শিগগিরই আসছে, আশা করি সবার ভালো লাগবে।”
এর আগে ‘ডিমলাইট’ নিয়ে জীবন বলেছিলেন, ‘‘প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘ডিমলাইট’। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।’’
‘ডিমলাইট’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত। মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।
হাসির আড়ালে লুকানো সংকট নিয়ে মোশাররফের 'ডিমলাইট'
সিনেমাটি চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ চলচ্চিত্র। এই প্রজেক্ট থেকে এর আগে মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ ও ‘৩৬-২৪-৩৬’।