১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসির আড়ালে লুকানো সংকট নিয়ে মোশাররফের ‘ডিমলাইট’

সিনেমায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে।

হাসির আড়ালে লুকানো সংকট নিয়ে মোশাররফের ‘ডিমলাইট’
‘ডিমলাইট’ নামের ওয়েব ফিল্মের পোস্টার । ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 10:44 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

হাসির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর সংকটের গল্প নিয়ে অভিনেতা মোশাররফ করিম আসছেন ‘ডিমলাইট’ নামের ওয়েব ফিল্মে। সিনেমায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচার হবে সিনেমাটি। এটি এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ওয়েব ফিল্মটির সহ–প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।  

‘ডিমলাইট’ সিনেমায় কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের হাসির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর সংকটের গল্প দেখানোর চেষ্টা আছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন।  

তিনি বলেন, ‘‘প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘ডিমলাইট’। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।’’

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেও। ‘ডিমলাইট’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত।

সিনেমার গল্পটিকে মোশাররফ করিম দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। 

অভিনেতার ভাষ্য, “জীবনে নানা কিছুর আবরণ পড়ে। নিত্য নৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। সেই আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ।  

“এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠান্ডা মেজাজি।”

মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।

তানজিকা আমিন বলেন, “আমার মনে হয়েছিল এই গল্পটা এখনকার সময়ের এবং এখনই বলা উচিত। এটা একেবারেই জীবনের গল্প।” 

পারসা ইভানা বলেন, "গল্পটায় হিউমার আছে, আবার ক্রাইসিসও আছে। খুব রিলেটেবল। আমরা যে জীবনটা লিড করি, ঠিক সেটারই গল্প সহজভাবে বলা হয়েছে।’ এটাই চরকির প্রজেক্টে পারসা ইভানার প্রথম কাজ।”

সিনেমাটি চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ চলচ্চিত্র। এই প্রজেক্ট থেকে এর আগে মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ ও ‘৩৬-২৪-৩৬’।