Published : 23 Jan 2026, 10:45 AM
সিনেমা জগতে পার্টি এবং তাতে সুরাপান নতুন কিছু ব্যাপার নয়। যে কোনো সিনেমার সাফল্যে তো বটেই, যে কোনো উপলক্ষ্য ধরেও পার্টির আয়োজন করে হই হুল্লোড় করেন সংশ্লিষ্টরা।
তবে ইদানিং মুম্বাই বা কলকাতা-কোথাও কোনো পার্টিতে দেখা যায় না ডিসকো ড্যান্সার অব বলিউড’ নামে পরিচিত মিঠুন চক্রবর্তীকে।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার এ ব্যাপারে অভিনেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব থেকে দূরে থাকছেন তিনি। পোষ্য এবং বাগান করার কাজ নিয়ে সময় কাটাতে ভালোবাসেন বলেও জানিয়েছেন তিনি।
মিঠুন বলেন, “আমি মদ্যপান অনেক দিন হল ছেড়ে দিয়েছি। গসিপ করতেও পছন্দ করি না। তাই কোনও পার্টিতে আমি যাই না। আমার চারপেয়ে পোষ্য, গাছপালা নিয়ে আমি ভালো আছি। তাছাড়া আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি তা নিয়েই এই বেশ ভাল আছি। তাই আমি কোনো পার্টিতে যাই না।”
৭৫ বছর বয়সী মিঠুন সিনেমা বাছাইয়ে এখন বেশ খুঁতখুতে। এখন এমন কিছু চরিত্রে অভিনয় করতে চান যা তাকে সমৃদ্ধ করবে বলে জানিয়েছে।
সম্প্রতি, অভিনেতা মিঠুনকে ‘প্রজাপতি ২’ সিনেমায় দেখেছে দর্শক। দেব এবং মিঠুন জুটির প্রত্যাবর্তনে খুশি তাদের অনুরাগীরা।
গতানুগতিক ধারার বাইরের নাচে ৮০ এবং ৯০ এর দশকে বাংলাদেশ-ভারত দুই বাংলার দর্শকের রুচির পরিবর্তন আনতে ভূমিকা ছিল মিঠুনের। মিঠুনের নামের সঙ্গে জুড়ে আছে ‘ডিস্কো ডান্সার’।
মাত্র দুই কোটি রুপি বাজেটে নির্মিত ‘ডিসকো ড্যান্সার’ মুক্তির পর ভারতে আয় করেছিল ৬ কোটি ৪২ লাখ রুপি। দেশীয় বাজারে প্রথমে ধীরগতির সাফল্য পেলেও ১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নে মুক্তি পেয়ে ঝড় তোলে।
সাড়ে চার দশক ধরে ৩৭০টির বেশি সিনেমায় কাজ করেছেন মিঠুন।
অ্যাকশন, কমেডি, রোমান্টিক সব ঘরানার সিনেমাই মিঠুন পছন্দ করতেন।
তবে তিনি বলেছিলেন, “সবকিছুর মধ্যে দর্শকেরা এখনও আমার অ্যাকশন সিনেমা দেখে এবং বিখ্যাত সংলাপগুলো আউড়ে যায়, আমি তখন গর্ব বোধ করি। আমি মনে করি, ওই সিনেমাগুলোই (আ্যাকশনধর্মী) আমাকে এগিয়ে দিয়েছে।”