২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জের সেই শাখাটি চালু হচ্ছে

শুরুতে স্বল্প পরিসরে দুপুর এবং বিকেলের দুইটি শো চলবে সিনেপ্লেক্সটিতে।

স্টার সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জের সেই শাখাটি চালু হচ্ছে
নারায়ণগঞ্জে চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের নতুন  শাখা। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 06:12 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের শাখাটি অবশেষে চালু হচ্ছে। 

দর্শকদের সিনেমা দেখার সুযোগ মিলছে মঙ্গলবার থেকে। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। এই শাখাটি চালুর কথা ছিল রোজার ঈদের সময়ে।

তবে শুরুতে স্বল্প পরিসরে দুপুর এবং বিকেলের দুইটি শো চলবে। শিগগিরই পুরোদমে সবগুলো শো চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেসবাহ উদ্দিন বলেন, “নারায়ণগঞ্জের দর্শকদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি, পূর্বনির্ধারিত সময়ে আমরা শাখাটি চালু করতে পারিনি। অনেক দর্শক অপেক্ষা করেছিলেন। 

“এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নারায়ণগঞ্জের দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। কিছু সীমাবদ্ধতার কারণে আমরা দুইটি শো দিয়ে শুরু করছি। কয়েকদিনের মধ্যে সবগুলো শো পুরোদমে চালু হয়ে যাবে।” 

নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটি। তিনটি হল রয়েছে এখানে। এর মধ্যে দুইটি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং একটি হলে থাকছে ৭৫টি আসন।  

নতুন নতুন শাখা চালু নিয়ে মেসবাহ বলেন, “দর্শকের নিরাপত্তা, উন্নত মানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম সিনেমাকে দর্শকের কাছে উপভোগ্য করে তোলে। এই বছরের মধ্যে আমাদের আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”  

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর এক নম্বর, চট্টগ্রামের বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। 

আরও পড়ুন:

যে কারণে ঈদে চালু হয়নি নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স