ট্রেন মিস, প্ল্যাটফর্মে এক রাতের গল্পে ‘মিস্ট্রি ইন ব্লুম’
শাওয়ানা এর আগেও একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সংগীতচিত্র নির্মাণ করেছেন।
একটুর জন্য ট্রেন মিস করে স্টেশনের প্ল্যাটফর্মে আটকে পড়া দুই তরুণ–তরুণীর একটি রাতের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিস্ট্রি ইন ব্লুম’।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে সিনেমাটি।
সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন শাওয়ানা; এতে অভিনয়ও করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন প্রান্তর দস্তিদার।
সিনেমাটি নিয়ে শাওয়ানা বলেন, "এটি প্রচলিত প্রেমের গল্প নয়। এখানে সম্পর্কটি সুন্দর ও নিষ্পাপ, যার ভেতরে রয়েছে প্রশ্ন, দ্বিধা এবং অপ্রকাশিত অনুভূতি। একটি অপ্রত্যাশিত রাত এবং সেই রাতের অভিজ্ঞতা ও কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।"
দর্শকের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে এই নির্মাতা বলেন, "গল্পটি দেখার পর দর্শকদের মধ্যে এক ধরনের নীরব ভালোলাগা কাজ করছে এমনটাই মন্তব্যের ঘরে জানাচ্ছেন দর্শকরা।"
‘মিস্ট্রি ইন ব্লুম’ সিনেমাটি প্রযোজনায় রয়েছেন রাসেল মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মহিবুল্লাহ (শান্ত), সম্পাদনায় সৌরভ হাওলাদার, রঙ সম্পাদনায় চিন্ময় রায়, শব্দ পরিকল্পনায় রিপন নাথ এবং সংগীত পরিচালনায় জাহিদ নিরব।
শাওয়ানা এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সংগীতচিত্র নির্মাণ করেছেন। তার স্বল্পদৈর্ঘ্য ‘দ্য রোড টু মাই ফাদার’ আন্তর্জাতিক দশটি উৎসবে প্রদর্শিত হয়েছে।
