পরিবেশ অধিদপ্তরের প্রধানকে আদালতে তলব
কয়েক দফা নির্দেশনার পরও বুড়িগঙ্গা নদীর দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না দেখে পরিবেশ অধিদপ্তরের প্রধানকে ডেকেছে হাই কোর্ট।
মহাপরিচালকের (ডিজি) সঙ্গে এক পরিচালককেও (এনফোর্সমেন্ট)তলব করেছে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ।
বৃহস্পতিবার আদালত দুই কর্মকর্তাকে তলবের পাশাপাশি একটি আদেশও (রুলও) দিয়েছে। নদীর দূষণ রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে আদেশে।
নৌসচিব, শিল্প সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১০ জনকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
একটি রিট আবেদনের শুনানির পর আদালতের এই আদেশ হয়েছে, এটি দায়ের করেছে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
গত ২২ জানুয়ারি একটি দৈনিকে শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গার পানিতে শিল্প বর্জ্য ফেলার ছবিসহ প্রতিবেদন প্রকাশের পর এই রিট আবেদন করে সংগঠনটি।
বাদি পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,আদালত তাদের আবেদনের ভিত্তিতে আরো কয়েকটি অন্তর্বর্তীকালীন আদেশও দিয়েছে।
দিন দিন বেড়েই চলেছে বুড়িগঙ্গা দখল। ছবিটি শুক্রবার তোলা।
নদীর পানি যাতে শিল্পবর্জ্যে দূষিত না হয় সেজন্য শ্যামপুর ও রমনা থানার ওসিকে পুলিশ নিয়োগ করে নিয়মিত নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে।
এছাড়া শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা নিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিআইডব্লিউটিএ, পরিবেশ মন্ত্রণালয় এবং শিল্প কারখানার কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে।
আরেকটি নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যে শ্যামপুর এলাকায় নদীতে বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ এবং আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে বলে জানান মোরসেদ।
এছাড়া নদীতে বর্জ্য ফেলার জন্য শিল্পমালিক ও কর্মচারীদের বিরদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে প্রতি মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।
