নয়া দিল্লি, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের বন সংশ্লিষ্ট বিভাগের ছাড়পত্র চেয়ে দেশটির পরিবেশ ও বন মন্ত্রণালয়ে (এমওইই) প্রস্তাব পাঠিয়েছে মনিপুর সরকার।
ভারতের কেন্দ্রীয় সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী কে সি ভেনুগোপাল স¤প্রতি পার্লামেন্টে বলেন, গত ৩১ মে মনিপুরের বন বিভাগ এ প্রকল্পের জন্য অনুমোদন চেয়ে এমওইই'র কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে।
ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিুকক্ষ লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান ভেনুগোপাল। মনিপুর সরকারের ওই প্রস্তাব মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানান তিনি।
মনিপুর, মিজোরাম ও আসাম সীমান্ত সংলগ্ন তুইভাই ও বরাক নদীর টিপাইমুখে বিতর্কিত দেড় হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হওয়ার কথা। ২০০৪ সালের ২৪ নভেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রস্তাবিত এ প্রকল্পের অবস্থান মনিপুর ও মিজোরাম রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকায়।
গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে আশস্ত করে বলেছিলেন, "টিপাইমুখ প্রকল্পে ভারত এমন কোনো পদক্ষেপ নেবে না যা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।"
ভেনুগোপাল জানান, টিপাইমুখ প্রকল্প ২০০৮ সালের ২৪ অক্টোবর পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে।
এ প্রকল্পের জন্য মিজোরাম সরকারও বন বিভাগের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য একই ধরনের একটি প্রস্তাব তৈরি করছে বলেও জানান তিনি।
ভেনুগোপাল জানান, ভারতের উত্তরপূর্বালীয় রাজ্যগুলোতে প্রস্তাবিত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের একটি টিপাইমুখ প্রকল্প। সবগুলো প্রকল্পই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিবেশগত ও বন বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবিত এ ১২টি প্রকল্প থেকে মোট এক লাখ ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
তিনি বলেন, "প্রকল্পগুলো সব কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে এবং প্রকল্পগুলোর অর্থ সংস্থান হলে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে।"
ভারতের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান এনএইচপিসি লিমিটেড গত বছর মনিপুর রাজ্য সরকার ও সাতলুজ জল বিদ্যুৎ নিগাম (এসজেভিএন) লিমিটেডের সঙ্গে যৌথভাবে টিপাইমুখ প্রকল্পের জন্য দরপত্র জমা দেয়। ওই যৌথউদ্যোগে এনএইচপিসির ৬৯ শতাংশ, মনিপুর রাজ্য সরকারের পাঁচ শতাংশ এবং এসজেভিএন লিমিটেডের ২৬ শতাংশ মালিকানার কথা বলা হয়।
মনিপুর রাজ্যের চুরাচন্দপুর জেলায় বরাক নদীতে একটি বহুমুখী প্রকল্প হিসেবে টিপাইমুখ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। এ প্রকল্প জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের জন্যও সহায়ক হবে।
ভারত সরকারের অর্থনীতি বিষয়ক মন্ত্রপরিষদের অনুমোদনের সাড়ে সাত বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।
ভারত ও বাংলাদেশের অনেক পরিবেশবিদ টিপাইমুখ প্রকল্পের বিরোধিতা করে আসছেন। বরাক নদীর মুখে এ বাঁধ হলে তা সুরমা ও কুশিয়ারা নদীতে পানিপ্রবাহ কমিয়ে দেবে বলে তাদের আশঙ্কা। এ দুটি নদী বাংলাদেশের মধ্যে মিলিত হয়ে মেঘনায় রুপান্তরিত হয়েছে।
সুরমা থেকে উৎপন্ন কয়েকশ' নদী ও খালের ওপর বৃহত্তর সিলেটের জনজীবন ব্যাপকভাবে নির্ভরশীল। তাই ভারত টিপাইমুখে বাঁধ দিলে তা দেশের একটি বড় অংশের অধিবাসী ও পরিবেশের ওপর বিপর্যয় বয়ে আনতে পারে বলে বাংলাদেশের মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে।
তাছাড়া ভারতের টিপাইমুখ প্রকল্প বাংলাদেশে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে বার বার এ বিষয়টিকে তুলে ধরছে প্রধান বিরোধী দল বিএনপি।
অবশ্য ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলে আসছেন, টিপাইমুখ প্রকল্পে পানি ধরে রাখার কোনো ব্যাপার না থাকায় তা বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
মনিপুর ও মিজোরাম রাজ্যের অনেক পরিবেশবাদী সংগঠনও দীর্ঘদিন ধরে টিপাইমুখ প্রকল্পের বিরোধিতা করে আসছে। এ প্রকল্প ওই অঞ্চলের পরিবেশ ও প্রাণীজগতের ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে মনে করছেন তারা। এছাড়া ওই প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক মানুষকে তাদের বাস স্থান ছাড়তে হবে বলে স্থানীয় গোষ্ঠীগুলোর আশঙ্কা।
তবে মনিপুরের মুখ্যমন্ত্রী শ্রী ওকরাম ইবোবি সিং গত মাসে বলেন, টিপাইমুখ প্রকল্পের মাধ্যমে একটি বড় মাত্রায় এ রাজ্যের দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের সমাধান হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24