ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় আরো দু'একদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে ও অমাবস্যার প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার উপকূলীয় এলাকা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, টেকনাফ, কক্সবাজার সংলগ্ন পার্বত্য এলাকায় ভূমি ধসের আশঙ্কা রয়েছে।
এদিকে চট্টগ্রাম নগরীর টাইগারপাস সংলগ্ন বাটালি হিলে শুক্রবার ভোরে পাহাড় ধসে ৬টি ঘর চাপা পড়ে। মাটির নিচ থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মাহবুব হোসেন মামুন জানান, শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/সিএস/কেএমএস/১৩১৪ ঘ.
bdnews24