২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা দিন: গাইয়ুম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ছোট দেশগুলোকে সহায়তা করার জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 09:04 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ছোট দেশগুলোকে সহায়তা করার জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। বৃহস্পতিবার রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনের সময় তিনি বলেন, "এটা তাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে।" ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) চতুর্থ সমাবর্তনে অংশ নিতে গত রোববার বাংলাদেশে পৌঁছান মালদ্বীপের এই নেতা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করেন তিনি। গাইয়ুম বলেন, "সম্ভবত মালদ্বীপই হবে জলবায়ু পরিবর্তনের প্রথম শিকার, যদিও আমরা এর জন্য দায়ী নই।" মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর 'মামুন ফাউন্ডেশন' নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি, যা শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা ও পরিবেশগত সুরক্ষা নিয়ে কাজ করে থাকে। কিডনি ফাউন্ডেশনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে গাইয়ুম বলেন, "এ অঞ্চলের অনেক দেশের তুলনায় এখানকার চিকিৎসা ব্যয় অনেক কম।" কিডনি রোগ মালদ্বীপেও একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে এই সাবেক প্রেসিডেন্ট বলেন, "আমার দেশের মানুষও চিকিৎসার জন্য এখানে (বাংলাদেশ) আসতে পারে।" জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম এ সময় মামুন আব্দুল গাইয়ুমকে চিকিৎসক বিনিময়ের একটি কার্যক্রম চালুর প্রস্তাব দেন যাতে মালদ্বীপের চিকিৎসকরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিতে পারেন। গাইয়ুম এ প্রস্তাবে রাজি হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হারুন উর রশীদ। ২০০৩ সালে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন একটি অলাভজনক হাসপাতাল। বর্তমানে এখানে ১৫০ শয্যার হাসপাতাল ও কিডনি গবেষণা কেন্দ্রে এবং ৪০ শয্যার ডায়ালাইসিস ইউনিট ও ১৬ শয্যার ট্রান্সপ্ল্যান্ট ইনটেনসিভ কেয়ার ইউনিট রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/জেকে/০২৫৫ ঘ.