ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালকে আন্তর্জাতিক বনবর্ষ হিসেবে ঘোষণার মধ্য দিয়ে সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে 'আপনার সেবায় প্রকৃতি ও বন'।
বিশ্ব পরিবেশ দিবস রোববার (৫ জুন)।
এক তথ্য বিবরণীতে বলা হয়, অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শনিবার পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে পরিবেশ ও প্রাকৃতিক বিপর্যয় রোধে কার্বন যৌগের উৎপাদন ও ব্যবহার হ্রাসের পাশাপাশি অধিক হারে বৃক্ষরোপণ ও বৃক্ষের রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, কৃষিপ্রধান ও নদীমাতৃক বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। আমি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস ও অভিযোজনের আধুনিক ও উন্নত কৌশল উদ্ভাবনসহ অধিক বনায়নে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানাই।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সরকার সহব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষিত এলাকায় বন ও বন্যপ্রাণী রক্ষার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে গঠন করা হয়েছে ভিলেজ ফোরাম।
এছাড়া সমুদ্র উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী সৃজন ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী দেশের বনাঞ্চল সুরক্ষা এবং ব্যাপক বৃক্ষরোপণের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান।
দিবসটি পালনে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/কেএমএস/২৩১৩ ঘ.
bdnews24