২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে দুটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন

বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামে দুটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বাগেরহাট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামে দুটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যাণ্ডের রাষ্ট্রদূত ড. উরস হেরেন সোমবার দুপুরে কেন্দ্র দুটি উদ্বোধন করেন। তিনি মঙ্গলবার খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামে আরো দুটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করবেন। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এণ্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে এই চারটি বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সুইস রাষ্ট্রদূত বলেন, "এই আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণের সময়ে এলাকার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে তিনি বিস্মিত। এগুলো এখন এলাকার মানুষের সম্পদ। এলাকার মানুষই এর সুফল ভোগ করবেন এবং এগুলো রক্ষণাবেক্ষণ করবেন।" তিনি বলেন, "বাংলাদেশের মানুষের উন্নয়নে তার সরকার আরো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে।" মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর যুগ্ম-সচিব মো. আবু সাদেকী ও এসডিসি'র দক্ষিণ এশিয়া আঞ্চলিক দুর্যোগ সমন্বয়কারী ম্যাথিয়াস এণ্ডারেগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসি'র ন্যাশনাল সিনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদ হাসান আহমেদ, এই প্রকল্পের পরিচালক ফ্রান্সিস পফেট, প্রকৌশলী রবিউল ইসলাম, আশ্রয়কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজাস্টার প্রিপার্ডনেস সেন্টারের (বিডিপিসি) নির্বাহী পরিচালক মো. সাঈদুর রহমান। এসডিসি'র খুলনা কার্যালয়ের মাঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল রায়হান জানান, এসডিসির অর্থায়নে পাঁচ কোটি টাকা ব্যয়ে ২০১০ সালে এই চারটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়। প্রায় এক হাজার দুই শত মানুষ এবং চার শত গবাদি পশু ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক ধাঁচের এই আশ্রয় কেন্দ্রে বিদ্যুৎ ও জেনারেটরের পাশাপাশি সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। কেন্দ্রগুলো তদারকি ও ব্যবস্থাপনার জন্য স্থানীয় গ্রামবাসীদের সমন্বয়ে কমিটি গঠন করে তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্রগুলো বছরের অন্যান্য সময়ে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে। এখানে বিভিন্ন সভা, সেমিনার ও অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪৮ ঘ.