চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার দিনভর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভুঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ছাড়পত্র ছাড়া এতদিন কাজ চালানোয় পাঁচ ইটভাটা থেকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বন্ধ করে দেওয়া ইট ভাটাগুলো হলো- সুকুমার দের সোনালী ব্রিকস, গাজী আহম্মদ হোসেনের সৌদিয়া ব্রিকস, মোহাম্মদ রফিক মিয়ার শাহজালাল ব্রিকস, মোহাম্মদ জসীম উদ্দিনের এ কে জিলানী ব্রিকস, ও মোহাম্মদ রফিক মিয়ার শেরে বাংলা ব্রিকস।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন ও হাটহাজারী থানা পুলিশের একটি দল অংশ অভিযানে সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) তাজনিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং জেলা প্রশাসনের সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে ইট ভাটাগুলোর কার্যক্রম পরিচালনা হচ্ছিল।
সোমবার একই অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঁচটি ইটভাটা বন্ধ করা হয়। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ায় স¤প্রতি আরো ১৪টি ইটভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/আরএ/১৯৫৮ ঘ.
bdnews24