চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে দুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে।
এতে নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, আগ্রাবাদ, বাকলিয়া, বৌ বাজার, কাট্টলী, হালিশহর, ষোলশহর ২ নম্বর গেইটসহ নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবারের বর্ষণে স্বাভাবিক নগরজীবন ব্যাহত হয়।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসফেরত লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়। দুপুরের পর থেকেই যানবাহন চলাচল অনেক কমে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীতে ৫৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগেরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের এলাকায় দুদিন ধরে টানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিনদিন এ বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২১১ ঘ.
bdnews24