২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে যাচ্ছে 'চোরাবালি'র শেষ দৃশ্য

বদলে যাচ্ছে চোরাবালি চলচ্চিত্রের শেষ দৃশ্য। জেল থেকে হাসিমুখে বেরিয়ে এসেছে সুমন ( ইন্দ্রনীল সেনগুপ্ত)। নবনী আফরোজের (জয়া আহসান) হাতে ফুল। মুখে হাসি। এইখানেই শেষ হয়েছিলো  চোরাবালি সিনেমাটি । কিন্তু এবারে পাল্টে যাচ্ছে সমাপ্তি। শেষ দৃশ্যটাকে আরও চমকপ্রদ ভাবে হাজির করতে চাইছেন পরিচালক রেদওয়ান রনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রনি গ্লিটজকে বলেন, ‘শুরু থেকেই চোরাবালির অন্য একটি সমাপ্তি আমার মাথায় ছিল। শেষ মুহূর্তের কিছু কারিগরি জটিলতার কারণে সেই সমাপ্তিটি সংযুক্ত করা যায়নি। এবারে দর্শকদের জন্য এটি নতুন চমক হিসেবে থাকছে। চমকটা দর্শক এখন থেকেই হলে গিয়ে উপভোগ করতে পারবেন।’

প্রযোজক সালেহীন স্বপন চোরাবালির এই নতুন ‘শেষ’ কে দেখছেন একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে। বাইরের দুনিয়ায় ছবি মুক্তির বেশ কিছুদিন পর দর্শকরা ‘ডিরেক্টর’স কাট’ সংস্করণ উপভোগের সুযোগ পান।  নতুন চোরাবালি হবে ‘ডিরেক্টরস কাট’ সংস্করণ। সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষেই দর্শকরা এই নতুন সংস্করণটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।  স্ক্রিনহাউজ এন্টারটেনমেন্ট ও মাছরাঙা প্রডাকশনস লি. প্রযোজিত চোরাবালি প্রদর্শিত হচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী,পাবনা, বগুড়া, ভোলা, ভৈরবসহ সারা দেশে ১৬ টি প্রেক্ষাগৃহে। ছবিতে আরো অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, সোহেল রানা, এ টি এম শামসুজ্জামান, নবাগতা পিয়া এবং আরও অনেকে।