তার বন্ধুরা যখন ভীষণভাবে কাজ করছেন, তখন তিনি চলে গেলেন। মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আমাদের টিভি নাটককে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি। বিটিভির প্রথম ডেইলি সোপটিও তার হাতে তৈরি হয়েছে। আমাদের চলচ্চিত্রে যোগ করেছেন তিনি নতুন মাত্রা। এখন তিনি নিরব। ২১ আগস্ট আত্মীয় স্বজন বন্ধু ও সতীর্থদের শোকে মূহ্যমান করে দিয়ে চলে গেলেন বাংলা নাট্য জগতের আরেক প্রাণ পুরুষ আবদুল্লাহ আল মামুন। বারডেমে জড়ো হয়েছিলেন তার শোকসন্তপ্ত পরিজনেরা। সেই শোকসাগরে ঘুরে এসে লিখছেন ওমর শাহেদ।
ত্রপা কাঁদছেন। কান্নার দমকে তিনি কথাই বলতে পারছেন না। শুধু বারবার বলছেন, "আমি যাব না।" আবদুল্লাহ আল মামুনের লাশ দেখতে এসে ত্রপা মজুমদারের মতো আরো অনেকেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। প্রিয় বন্ধু, অগ্রজ এই নাট্যকারের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। যদিও তারা জানতেন, তিনি বোধহয় ফিরবেন না। দেড় মাসের মতো অসুস্থ ছিলেন তিনি। ব্যাংককে গিয়ে চিকিৎসাও করেছিলেন। তারপর দেশে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশ গুরুতর অসুস্থতাই বলা চলে। ভর্তি হয়েছিলেন স্কয়ার হাসপাতালে। অচেতন হয়েই ছিলেন সেখানে। সেই অচেতনতার জগৎ থেকে আর ফিরলেন না এদেশের অন্যতম জনপ্রিয় নাট্যকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং উজ্জ্বল মঞ্চ ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন। পরিচিত জগতকে বিদায় জানালেন তিনি ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে। চলে গেলেন পরপারে।
বারডেম হাসপাতালে একে একে আসছেন মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্র জগতের সর্বশ্রেণীর মানুষেরা। তারা ভালোবাসা আর শেষ বিদায় জানাতে আসছেন তাদের শিক্ষক, অভিভাবক ও বন্ধু-সহযাত্রী আবদুল্লাহ আল মামুনকে। আর তাকে দেখতে এসে স্মৃতির ভারে ভারাক্রান্ত এইসব মানুষেরা নিজেদের আবেককে সামলে রাখতে পারছেন না। হয়ে যাচ্ছেন খুব নিঃসঙ্গ আর বিষন্ন।
নায়করাজ রাজ্জাককে বড় বিপন্ন মনে হলো। তাদের সময়ের সঙ্গীরা একে একে চলে যাচ্ছেন। সেলিম আল দীন গেলেন, মামুনও গেলেন। সঙ্গীহীন ঝড়ো পাখির মতো নিজের আবেগকে সামলে রাখতে পারছেন না বাংলাদেশের চলচ্চিত্রের এই মহানায়ক। তার মতো অবস্থা মামুনুর রশীদেরও। তিনি প্রথমে কিছু বলতেই পারছিলেন না। অনেকক্ষণ পরে বললেন, "তিনি ছিলেন অগ্রণী নাট্যকার। দীর্ঘদিন ধরে টেলিভিশনে অভিনেতা, প্রযোজক হিসেবে তিনি উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। টিভি নাটককে জনপ্রিয় করার কৃতিত্ব আসলে তার একারই প্রাপ্য। মুক্তিযুদ্ধ, গণমানুষের সংগ্রামের কথা তিনি তুলে ধরেছেন তার মঞ্চে প্রযোজিত এবং লিখিত নাটকগুলোতে। আমি তার মৃত্যুর ফলে বড় অসহায় বোধ করছি। একথা বলে বোঝানোর মতো ভাষা আমার নেই।"
অসহায় বোধ করছেন আজাদ আবুল কালামও। বারডেম হাসপাতালের মর্গের সামনে এই অভিনেতা, নাট্যকারকে দেখা গেল এমন একজন মানুষ হিসেবে যিনি সঙ্গী হারানোর বেদনায় কাতর। তাকে যখন কিছু বলতে বলা হলো-তিনি বললেন, "বলো কি বলবো?" তারপর আস্তে আস্তে তিনি বলতে লাগলেন, "তার বন্ধুরা যখন ভীষণভাবে কাজ করছেন, তখন তিনি চলে গেলেন। তিনি আমাদের টিভি নাটককে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। তার অভিনীত নাটকও এখানে সবচেয়ে বেশি।"
তিনি কী ছিলেন আমাদের সাংস্কৃতিক জগতে- সেটা এখনও বলার সময় আসেনি। তবে অবশ্যই এদেশের নাট্য ইতিহাস, সাংস্কৃতিক জগত বিচার করবে কী মঞ্চে কী টেলিভিশনের পর্দায় কী সেলুলয়েডের ফিতায় কতো না অসামান্য অবদান রেখেছেন আবদুল্লাহ আল মামুন। এদেশের এমন কোনো জেলা কী উপজেলা খুঁজে পাওয়া ভার যেখানে তার নাটক অভিনীত হয়নি, যেখানে তিনি বলেন নি নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার কথা, করেননি আমাদের-এই জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্যের বয়ান।
'মানুষ আসতে আছে যমুনার বানের লাহান'
বারডেমের নীচতলা লোকে লোকারণ্য। হাজারো মানুষ সেখানে উপস্থিত। দাবানলের মতো ছড়িয়ে গেছে যেন এই খবর- মামুন মারা গেছেন। আর কী আশ্চর্য তারকা খেতাব তার ছিল না। ছিল না একজন উচ্চপদস্থ টেলিভিশন কর্মকর্তার তকমাও। অবশ্য তিনি নিজেও চাইতেন না, পরিচিত হোন একজন সরকারী কর্মচারী হিসেবে। মৃত্যুর আগে বন্ধুদের বলেও ছিলেন, তার লাশ যেন না নেওয়া হয় রামপুরা টেলিভিশনের চত্বরে। এমনই ছিল তার নিজস্ব অহংকার বোধ। এই অহংকার বোধের ওপর দাঁড়িয়েই এদেশের সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে, সামনের কাতারে দাঁড়িয়ে তিনি লড়াই করেছিলেন। এক বিরুদ্ধ পরিবেশে সম্ভাবনার কথা বলেছিলেন। ফলে একেবারেই শেষ সময়ে এসে বানাতে চেয়েছিলেন 'দরিয়া পারের দৌলতি'। ছবিটির সামান্য কিছু অংশ বাকী আছে। মামুনের ছেলে তন্ময় কাঁদতে কাঁদতে জানালেন, "বাবার এই শেষ কাজটি আমরা শেষ করব।" তার অনেক কাজই শেষ করতে হবে। কারণ তার জীবন কেটেছে তুমুল উৎসবের মধ্যে। সেই উৎসবের আয়োজক, প্রাণভোমরা আজ আর নেই।
তিনি কি জানতেন আমজনতা দারুণভাবে ভালোবাসেন তাকে? সাধারণ মানুষের কাছাকাছি এতো সহজে কিভাবে পৌঁছে গিয়েছিলেন তিনি? বারডেম হাসপাতালের মর্গের সামনে ভীষণ ভীড়। চারদিক থেকে তাকে দেখার চেষ্টা করে যাচ্ছেন একে একে অসংখ্য মানুষ। আর একে অন্যকে বলছেন ভীষণ দুঃখী গলায়, "মামুন ভাই মারা গেছেন।"
তিনি 'ভাই' ছিলেন অনেকের। শিক্ষক ছিলেন আরো বেশি মানুষের। ছিলেন হুমায়ূন ফরিদীরও। ফরিদী বললেন, "মামুন ভাই ছিলেন আমার শিক্ষক। তিনি আমাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন।" এদেশের মঞ্চে নাট্যকর্মী তৈরিতে, সহজ বোধ্য সমসাময়িক নাটক তৈরিতে এক সাহসী, মেধাবী শিক্ষকের নাম আবদুল্লাহ আল মামুন।
"তিনি ছিলেন এককথায় একটি প্রতিষ্ঠান"-বলেছেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। তিনি আরো বললেন, "তিনি আজ নেই। কিভাবে এদেশে তার মতো আরো একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে আমি জানি না।"
বড় স্বপ্ন ছিল, নিজের ৬৬ তম জন্মদিনটা ধুমধামের সঙ্গে পালন করবেন। জাতীয় নাট্যশালায় হবে সেই বিশাল আয়োজন। কিন্তু তার আগেই যে তাকে অসুস্থ হয়ে পড়তে হলো। যেখান থেকে তিনি আর ফিরতেই পারলেন না। বড় আফসোসের সঙ্গে এই তথ্য জানালেন আজীবন সুহৃদ, বন্ধু রামেন্দু মজুমদার।
তিনি গুরু ছিলেন অনেকেরই। হাত ধরে কাজ শিখিয়েছেন যাদের তাদের মধ্যে কে এস ফিরোজও একজন। প্রবীন এই অভিনেতা ম্লান মুখে বেরিয়ে যাচ্ছেন বারডেম হাসপাতাল থেকে। তিনি বললেন, "তিনি আমাকে খুবই স্নেহ করতেন। তিনি আমার বড় ভাই, গুরু।" তারপর মাথা নাড়তে নাড়তে, চোখ মুছতে মুছতে তিনি চলে গেলেন।
এদেশের গ্র"প থিয়েটার আন্দেলনের অন্যতম কুশীলব ছিলেন মামুন। নাসির উদ্দীন ইউসুফ জানালেন, তারা যখন এই আন্দোলন শুরু করলেন, মামুন ছিলেন এর অন্যতম পুরোধা। "আমাদের টিভি নাটক ও আবদুল্লাহ আল মামুন সমার্থক"-বললেন ঢাকা থিয়েটারের পরিচালক।
ফরিদুর রেজা সাগরও সেই অসংখ্যদের একজন যারা কাজ শিখেছেন তার কাছে। সাগর বললেন, "তিনি ছিলেন আমাদের সবার পিতৃতুল্য।"
বড় অসময়ে চলে গেলেন আমাদের আবদুল্লাহ আল মামুন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএফএস/এমআইআর/আগস্ট ২১
bdnews24