২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর কানের জুরিদের মধ্যে নোবেল বিজয়ী পামুক

এ বছর কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগের অন্যতম জুরি হিসেবে থাকছেন নোবেল বিজয়ী ঔপন্যাসিক ওরহান পামুক। তার সঙ্গে থাকবেন কানাডিয়ান অভিনেত্রী সারাহ পলি ও ব্রিটিশ পরিচালক স্টিফেন ফ্রিয়ারস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একটি বার্তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত মে মাসের ১৬ তারিখ থেকে ২৭ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবের বিবরণ থেকে জানা গেছে এ খবর।

ফ্রিয়ারস ওই জুরি প্যানেলের চেয়ারম্যান হবেন বলে আগেই ঘোষণা করা হয়েছে। এই জুরি বোর্ডের রায়েই নির্বাচিত হবে উৎসবের সেরা পুরষ্কার পাম ডি’অর বিজয়ীর নাম।

পামুক, পলি ও ফ্রিয়ারের সঙ্গে জুরি প্যানেলে আরো থাকবেন হংকংয়ের অভিনেত্রী ম্যাগি চেউং, অস্ট্রেলিয়ান অভিনেত্রী টনি কলেটি, ফরাসী অভিনেতা ও পরিচালক মিশেল পিকোলি, পর্তুগীজ অভিনেত্রী ও পরিচালক মারিয়া ডি মেদিরিস, ইতালীয় পরিচালক মার্কো বেলোশিও, মৌরিতানিয়ার পরিচালক আবদেররাহমান সিসাকো।

এবারের কান ফেস্টিভালের ষাটতম বর্ষপুর্তি উপলক্ষে ‘টু ইচ হিজ ও’ন সিনেমা’ নামে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে। প্রায় ৩৬ জন চলচ্চিত্র পরিচালককে নিয়ে থাকবে এই বিশেষ আয়োজন যাদের মধ্যে আছেন ডেভিড কনারবার্গ, রোমান পোলানস্কি, জেন ক্যাম্পিয়ন প্রমুখ। ২০ তারিখের এই আয়োজন একই সঙ্গে ফরাসী টিভি চ্যানেল ক্যানাল প্লাস এ দেখানো হবে।

এ বছর কানে মার্কিন চলচ্চিত্রকার মার্টিন স্করসেস ও অভিনেতা হেনরি ফন্ডাকে বিশেষ সম্মাননা জানানো হবে।