ডিসেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একই নাটকে অভিনয় করলেন বাবা ও ছেলে অভিনেতা আলী যাকের ও ইরেশ যাকের। নাটকের নাম 'দাহ'। গত ঈদেও তারা একটি নাটকে অভিনয় করেছিলেন।
লিটু সাখওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটি ঈদের চতুর্থ দিন ৭টা ৫০ মিনিটে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।
নাটকটিতে আলী যাকের ও ইরেশ যাকের ছাড়াও আরও অভিনয় করেছেন তিশা, মাজনুন মিজান, চিত্রলেখা গুহ প্রমুখ।
একজন মনোবিজ্ঞানীর কার্যকলাপকে কেন্দ্র করে নাটকের কাহিনী গড়ে উঠেছে।
পিতা-পুত্র একসঙ্গে অভিনয় প্রসঙ্গে অভিনেতা আলী যাকের বলেন, "আসলে নাটকের প্রয়োজনেই নির্মাতা আমাদের বাবা ও ছেলেকে নিয়েছে। অন্যকিছু নয়। নাটকের কাহিনীও অনেক সুন্দর। আশা করছি নাটকটি শ্রোতাদের নজরে লাগবে।"
ইরেশ যাকের বলেন, "বাবা অনেক ভালো অভিনয় করেন। তাঁর সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার কখনোই মনে হয় নি যে তিনি আমার বাবা। আমি তার কো-আর্টিস্ট হিসেবেই অভিনয় করেছি।"
এর আগে গত ঈদে আলী যাকের ও ইরেশ যাকের একসঙ্গে গোলাম সোহরাব দোদুলের 'বাবা ও ঈদ' নামে একটি নাটকে অভিনয় করেছিলেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৯২৯ ঘ
bdnews24