চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৮শ’ বছরের তেঁতুল গাছ
ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও সাঁওতাল বিদ্রোহ খ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইতিহাসেরই স্বাক্ষী হয়ে স্বগৌরবে মাথা উচু করে দাঁড়িয়ে আছে প্রায় ৮শ’ বছরের একটি প্রাচীন তেঁতুল বৃক্ষ।
তবে কৃষি বিভাগ জানায়, গাছটির বয়স ৫শ’ বছর। বয়স তার যাই হোক এটিই যে চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ বৃক্ষ তাতে কোন সন্দেহ নেই।
এলাকাবাসীর বর্ণনা আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারণা, এটিই দেশের প্রাচীণ তেঁতুল গাছ।
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাত্র ৩৫/৩৭ কিলোমিটার দূরে নাচোল উপজেলার বরেন্দ্র ভূমির মাঝে এক সময়ের জমিদার এলাকা সুরলা গ্রামে আজও সুউচ্চ মাথা সোজা করে দাঁড়িয়ে আছে এই তেঁতুল বৃক্ষটি। প্রায় ৩০ বছর আগে প্রচণ্ড ঝড়ে গাছটির সবচেয়ে বড় মূল কাণ্ড ভেঙ্গে পড়লেও মাথা নোয়ায়নি।
সুরলা এলাকার একজন প্রবীণ আদিবাসী বিডিনিউজকে জানান, মাত্র ৮ বছর বয়সে পিতা মাতাকে হারিয়ে তিনি এ গ্রামে আসেন। ছোট বেলা থেকেই তিনি এ বিশাল আকারের তেতুল গাছটি দেখে আসছেন আর শুনেছেন এর বয়স সর্ম্পকে নানান কথা।
তিনি জানান, এলাকার কেউ বলেন বৃক্ষটির বয়স ৬ - ৭শ’ বছর, আবার কেউ কেউ বলেন ৮শ’ বছরের কম নয়।
আজ থেকে ২৮ বছর আগে ১শ’ ১৫ বছর বয়সে মারা গেছেন এ গ্রামের শশী মোড়লের মা বিরো দাসী। তিনি বলতেন, ‘আমার ঠাকুর দাদাও দেখেছেন গাছটির এমন বিরাট আকার’।
ওই প্রবীণ আদিবাসী আরও জানান, একসময় বরন্দ্রের এই সুরলা ছিল জমিদার এলাকা। জমিদার কুঞ্জু মোহন মৈত্রের কাচারী ও খামার বাড়ী ছিল এখানে। আর তেঁতুল বৃক্ষের নিচে ছিল বিরাট কালী মন্দির। কালী মন্দিরে বরেন্দ্র অঞ্চলসহ দেশের দূর-দূরান্ত থেকে আদিবাসীরা আসতো পূজা অর্চনা করতে।
আদিবাসীসহ এলাকার শত শত মানুষের গর্ব এই তেঁতুল গাছসহ ওই এলাকার দেবস্থান আত্মসাৎ করার জন্য চক্রান্তও হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তেঁতুল বৃক্ষটিকে ঘিরে ইকো পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্মাণ পরিকল্পনায় রয়েছে, সুন্দর রাস্তা, আলোর ব্যবস্থাসহ বনায়নের মাধ্যমে সবুজায়ন করে গড়ে তোলা। ইতোমধ্যে গাছটির চর্তুদিক পাকা করে বাঁধানোও হয়েছে।
১৯৮১ সালে তৎকালীন মহকুমা প্রশাসন থেকে এলাকার জেকের আলী ও মজিবুর নামে দু’ ব্যক্তিকে লিজ প্রদান করা হয়। ৯৪ সালে সুরলা গ্রামের বিমল কুমার কুণ্ডু এ লিজের বিরুদ্ধে নাচোল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক সাইফুজ্জামান হিরো বাদীর পক্ষে ইজমেন্ট স্বত্ত প্রদান করেন।
এর পরেও দীর্ঘ দিন জেকের আলী ও মজিবুরের লিজ বাতিল না হওয়ায় তারা তেঁতুল গাছসহ দেবস্থানটি আত্মসাতের চেষ্টা চালায়। তবে সম্প্রতি বিষয়টি জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোচরে আসলে প্রশাসন লিজটি বাতিল করে সেটিকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে।
বড় কালি মন্দির ও প্রাচীন তেঁতুল গাছটি একনজর দেখার জন্য এখনও দূরদূরান্ত থেকে লোকজন প্রায়ই আসে সুরলার দিকে।
