২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১১ মাসে রেমিটেন্স বেড়েছে ১.১ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী

আগের অর্থবছরে সর্বোচ্চ ৪৫৪ কোটি ডলার এসেছিল সৌদি আরব থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 08:00 PM

Updated : 25 Jun 2023, 08:00 PM

পাঁচ দিন বাদে শেষ হতে যাওয়া ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে প্রবাসীরা এক হাজার ৯৪৪ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ১ শতাংশ বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রবাসীরা ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন এক হাজার ৯১৯ কোটি ৪৩ লাখ ডলার।

রোববার সংসদের প্রশ্নোত্তরে মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে চলতি অর্থবছরের রেমিটেন্সের এ তথ্য জানান মুস্তফা কামাল।

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সঞ্চয়পত্রের লভ‌্যাংশের ওপর ও প্রাইজবন্ডের পুরস্কারের ওপর আগে থেকেই উৎসে আয়কর ধার্য‌্য আছ। তবে এতে সঞ্চয়পত্র বিক্রি ও প্রাইজবন্ড বিক্রি কমেনি। উৎসে আয়কর প্রত‌্যাহারের কোনো পরিকল্পনা আপাতত নেই।

সরকারি দলের হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ‌্যমাত্রা ছিল তিন লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ‌্যে আমদানি ও রপ্তানি পর্যায়ে লক্ষ‌্যমাত্রা অর্জনের হার ছিল ৯৩ দশমিক ১৫ শতাংশ। আর স্থানীয় পর্যায়ে মূসকের রাজস্ব লক্ষ‌্যমাত্রা অর্জনের হার ছিল ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং আয়কর ও ভ্রমণ কর পর্যায়ে লক্ষ‌্যমাত্রা অর্জনের হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

সরকার দলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরে রেমিটেন্স আহরণকারী শীর্ষ দশটি দেশের তালিকা তুলে ধরেন।

এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৪ হাজার ৫৪২ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৪৩৮ দশমিক ৪ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ২ হাজার ৭১ দশমিক ৯ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য থেকে ২ হাজার ৩৯ দশমিক ২ মিলিয়ন ডলার, কুয়েত থেকে ১ হাজার ৬৮৯ দশমিক ৬ মিলিয়ন ডলার, কাতার থেকে ১ হাজার ৩৪৬ দশমিক ৫ মিলিয়ন ডলার, ইতালি থেকে ১ হাজার ৫৪ দশমিক ২ মিলিয়ন ডলার, মালয়েশিয়া থেকে ১ হাজার ২১ দশমিক ৯ মিলিয়ন ডলার, ওমান থেকে ৮৯৭ দশমিক ৪ মিলিয়ন ডলার, বাহরাইন থেকে ৫৬৬ দশমিক ৬ মিলিয়ন ডলার এসেছিল।

সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, নতুন করদাতা শনাক্তকরণের লক্ষ্যমাত্রা ছিল ৯ লাখ ৬০ হাজার ৮১৭ জন। চলমান অর্থবছরে এ পর্যন্ত ৮ লাখ ২৭ হাজার ৩৪৬ জন করদাতা শনাক্তকরণ সম্ভব হয়েছে।

ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৯১ দশমিক ১৭ ভাগ অর্জিত হয়েছে।