১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা চলছেই, চার দিনে সাড়ে ২৫ কোটি

রেমিটেন্সের ‘উল্লম্ফনে’ বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে, অন্যদিকে আমদানি কমায় চাহিদা তেমন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 11:37 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ডলারের দামের পতন ঠেকাতে এখন প্রতিদিনই ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার নিলামের মাধ্যমে ১২২ টাকা ৭৫ পয়সা দরে ছয় ব্যাংকের কাছ থেকে আরও ১০ কোটি ডলার কেনা হয়েছে।

এ নিয়ে চলতি সপ্তাহে টানা চার দিনে মোট ২৫ কোটি ৫০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।

আগের দিন বুধবার একই দরে চার ব্যাংক থেকে ৭ কোটি ডলার কেনা হয়। তার আগে মঙ্গলবার কেনা হয় ৮ কোটি ৫০ লাখ ডলার। সোমবার কেনা হয়েছিল ১০ কোটি ডলার।

গত সপ্তাহেও সোমবার থেকে বৃহস্পতিবার টানা চার দিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

সব মিলিয়ে চলতি মে মাসে ৫৬ কোটি ৫০ লাখ ডলার কেনা হলো। এপ্রিল মাসে কেনা হয়েছিল ১৮ কোটি ডলার। 

এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত ডলার কেনার মোট অঙ্ক দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ বিলিয়ন।

ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ‘উল্লম্ফনে’ বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। আমদানি কমায় চাহিদা তেমন নেই। 

এ অবস্থায় ডলারের দাম ধরে রাখতে ডলার কেনার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের।

বিনিময় হার বাজারভিত্তিক করার পর ডলারের দর নিয়ন্ত্রণে রাখতে গত বছরের ১৩ জুলাই থেকে বাণিজ্যক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এর পর থেকে ডলার কিনেই চলেছিল তারা।

মাঝে দেড় মাস অবশ্য কোনো ডলার কেনেনি (৩ মার্চ থেকে ১৫ এপ্রিলে) বাংলাদেশ ব্যাংক। ১৬ এপ্রিল থেকে ফের ডলার কেনা হচ্ছে।

ফেব্রুয়ারি মাসে ডলার কেনার পরিমাণ ছিল ১৫৩ কোটি ৫০ লাখ (১.৩৫ বিলিয়ন)। জানুয়ারিতে ৭৯ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছিল। আর গত বছরের শেষ মাস ডিসেম্বরে কেনা হয়েছিল ১ দশমিক ০৯ বিলিয়ন ডলার।