১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রিজার্ভ ৩৩ বিলিয়ন ছাড়াল

রেমিটেন্স ও রপ্তানি আয়ের অর্থ আসায় গত কয়েক দিনে রিজার্ভ আরও বেড়েছে বলে তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 12:46 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

এক সপ্তাহের মধ্যে আরও এক বিলিয়ন ডলার যোগ হওয়ায় বাংলাদেশ ব্যাংকে রাখা বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গত এপ্রিলের আমদানি ব্যয়ের তথ্য অনুযায়ী, সঞ্চিত এ অর্থ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

তবে আগামী সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করতে হবে বাংলাদেশকে। তখন রিজার্ভ আবার খানিকটা কমে আসবে।

তবে এবার আকুকে কত টাকা পরিশোধ করতে হবে সে হিসাব এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (অঅইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩৩.০১ বিলিয়ন ডলার। গ্রস হিসাবে দাঁড়িয়েছে ৩৭.৬৬ বিলিয়ন ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক প্রবাহ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সহায়তা ঋণের ১ বিলিয়ন ডলার যোগ হওয়ায় গত ১৪ জুন বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে ৩১.০৭ বিলিয়ন ডলারে ওঠে।

এর পর ২৯ জুন বিশ্ব ব্যাংকের বাজেট সহায়তা ঋণের ৬৬ কোটি ৭১ লাখ ডলার যোগ হওয়ায় রিজার্ভ ৩২.৪৭ বিলিয়ন ডলারে ওঠে। গ্রস হিসাবে ওই দিন রিজার্ভ ছিল ৩৭.০৫ বিলিয়ন ডলার।

রেমিটেন্স ও রপ্তানি আয়ের অর্থ আসায় গত কয়েক দিনে রিজার্ভ আরও বেড়েছে বলে তথ্য দেন আরিফ খান।