Published : 15 Oct 2023, 10:58 PM
বর্তমান সরকারের টানা তিন মেয়াদের শাসনকালে বিনিয়োগ, নীতি সহায়তা ও আধুনিক প্রযুক্তির সংযোগে কৃষিপণ্যের উৎপাদন ৪৫ শতাংশ বেড়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছে।
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবসের আগের দিন রোববার এক বিজ্ঞপ্তিতে গত ১৫ বছরের পদক্ষেপ ও কৃষি উৎপাদনে সাফল্য তুলে ধরা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় বলছে, ২০০৮-০৯ সালে যেখানে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল ৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টন, সেখানে ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টন হয়েছে। অর্থাৎ উৎপাদন ৪৫ শতাংশ বেড়েছে। বিগত ১৫ বছরে ভুট্টা উৎপাদন ৯ গুণ, আলু উৎপাদন ২ গুণ, ডাল উৎপাদন ৪ গুণ, তেলবীজ উৎপাদন আড়াইগুণ ও সবজি ৮ গুণ বেড়েছে।
উৎপাদনের নিরিখে দেশের ২২টি কৃষিপণ্য বিশ্বে শীর্ষ ১০ অবস্থানের মধ্যে আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেমন ধান উৎপাদনে তৃতীয়, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ এবং আলু ও আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম।
২০০৮-০৯ সালে চালের উৎপাদন ছিল ৩ কোটি ১৩ লাখ টন, যা ২০২২-২৩ সালে ৪ কোটি টনেরও বেশিতে উন্নীত হয়েছে। ২০০৮-০৯ সালে গমের উৎপাদন ছিল ৮ লাখ ৪৯ হাজার টন, ২০২২-২৩ সালে তা উৎপাদন হয়েছে ১১ লাখ ৭০ হাজার টন। ভুট্টা ছিল ৭ লাখ টন যা এখন ৬৪ লাখ টন, আলু ৫ লাখ টন থেকে বেড়ে হয়েছে ১ কোটি ৪ লাখ টন, সবজি ৩০ লাখ টন থেকে বেড়ে উৎপাদন হয়েছে ২ কোটি ২০ লাখ টন।