বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ‘আইকনিক প্রকল্প’ চান অর্থমন্ত্রী
মুস্তফা কামাল বলেছেন, বিশ্ব ব্যাংকের জন্য বাংলাদেশে কাজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ খাত রয়েছে।
বাংলাদেশে চোখে পড়ার মতো কিছু প্রকল্প নিতে বিশ্ব ব্যাংককে অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাই শেখ সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি অনুরোধ করেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের অবস্থান চোখে পড়ার মতো উপস্থাপন করতে কিছু ‘আইকনিক প্রকল্প’ গ্রহণের অনুরোধ করেন।
মুস্তফা কামাল বলেন, বিশ্ব ব্যাংকের জন্য বাংলাদেশে কাজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ খাত রয়েছে। তারা নদীপথ এবং নদী কেন্দ্রিক অর্থনীতির উপর কাজ করতে পারে। যুবশক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারে।
চলমান বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও অর্থনীতিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের বছরেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার অনেক বেড়েছে। অতি সম্প্রতি কানাডার অনলাইন প্রকাশনা সংস্থা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 'একটি অসাধারণ গল্প' ।
বিশ্ব ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ শেখও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
তাকে উদ্ধৃত করে বলা হয়, জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন দিক থেকে বাংলাদেশ ‘ট্রু গ্লোবাল চ্যাম্পিয়ন’। পুরো এশিয়ার মধ্যে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক ভালো।
