১৩ দিনে অনলাইনে জমা পড়েছে ২০ হাজার রিটার্ন
২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করে।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি চালুর ১৩ দিনে ২০ হাজারের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা এ সুযোগ কাজে লাগিয়ে রিটার্ন জমা দিয়েছেন।
রোববার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শনিবার পর্যন্ত www. etaxnbr. gov.bd পোর্টালের e-Return অপশন ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২০,০০০ অতিক্রম করেছে।”
‘সহজ এবং স্বাচ্ছন্দ্য হওয়ায়’ করদাতারা এ সুযোগ নিচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করে।
www. etaxnbr. gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে জমা দিতে পারছেন।
এই পোর্টাল চালুর সময় এক এনবিআর জানিয়েছিল, ই-রিটার্ন পদ্ধতিতে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট করে নিতে পারবেন।
সেই সঙ্গে অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।
এছাড়া রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ, আগের বছর দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা আছে।
এর আগে ২০২৩-২০২৪ কর বছরে পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেন।
