Published : 15 Jul 2026, 09:45 PM
গেল অর্থবছরের ধারাবাহিকতায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা নিয়ে শুরু হয়েছে নতুন অর্থবছর।
১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনেই দেড় বিলিয়ন ডলারের বেশি দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। এই অঙ্ক গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের একই সময়ের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক বুধবার রেমিটেন্সের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় চলতি জুলাই মাসের ১৪ দিনে ১৫৪ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১৮ হাজার ৯৬৬ টাকা। প্রতিদিনে গড়ে এসেছে ১১ কোটি ১ লাখ ডলার; টাকায় ১ হজার ৩৫৪ কোটি টাকা।
মাসের বাকি ১৭ দিনে (১৫ থেকে ৩১ জুলাই) এই হারে এলে মাস শেষে রেমিটেন্সের অঙ্ক ৩৪১ কোটি ডলার ছাড়িয়ে যাবে। আর যদি সেটা হয়, একক মাসের হিসাবে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসবে এই মাসে।
দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে এখন রেমিটেন্সই সবচেয়ে ভালো অবস্থানে আছে, যা সঙ্কটে পড়া অর্থনীতির চাকা ঘুরিয়ে যাচ্ছে।
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ৩০ জুন শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ৫৫৯ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা; বছরজুড়েই অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রেমিটেন্স ইতিবাচক ধারায় ছিল।
১২ মাসের মধ্যে (২০২৫ সালের ১ জুলাই থেকে এই বছরের ৩০ জুন) ছয় মাসই ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে। প্রতি মাসে গড়ে এসেছে ২৯৬ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের চেয়ে বেড়েছিল ১৭ দশমিক ৩৪ শতাংশ।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৩৩ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত মার্চ মাসে, ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। মে মাসের ৩৪২ কোটি ৫০ লাখ ডলার ছিল দ্বিতীয় সর্বোচ্চ।