‘পরাজিত শক্তি’ সাম্প্রদায়িক সহিংসতার চেষ্টায়, নওফেলের সতর্কতা
শেখ হাসিনা যেন আবার দেশের নেতৃত্ব দিতে পারেন সেজন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করার অনুরোধও করেন নওফেল।
মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি দুর্গা পূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা করার চেষ্টায় আছে জানিয়ে সবাইকে সতর্ক করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এই অপশক্তির বিরুদ্ধে ‘রুখে দাঁড়ানোর’ ঘোষণা দিয়ে নিশ্চিন্তে-নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালন করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার চট্টগ্রামে ওয়াসা প্রিমিয়ার ইউনিভার্সিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য।
অনুষ্ঠানে নিজ নির্বাচনী এলাকায় ১৩৫টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে ১৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন উপমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, “একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি সুযোগের সন্ধানে আছে কীভাবে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা যায়। জামায়াতে ইসলামীর ‘সন্ত্রাসী সংগঠন’ শিবিরকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামিয়ে কয়েকদিন আগে তারা সেই মহড়া দিল।
“সনাতনী ধর্মাবলম্বীদের বলতে চাই, আপনারা ভয় পাবেন না। এদের বিরুদ্ধে অতীতেও আমরা যখন রুখে দাঁড়িয়েছি, তারা তখন লেজ গুটিয়ে পালিয়েছে। আপনাদের শুধু সচেতন থাকতে হবে, সবার চোখ-কান খোলা রাখতে হবে। আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছি।”
পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়ে উপমন্ত্রী বলেন, “যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। আপনাদের সকলে ধরনের নিরাপত্তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা করেছেন।
“তিনি আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে নির্দেশ দিয়েছেন।”
শেখ হাসিনা যেন আবার দেশের নেতৃত্ব দিতে পারেন সেজন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করার অনুরোধও করেন নওফেল। তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যা সুস্থ থাকলে, নিরাপদ থাকলে বাংলাদেশ মানুষ নিরাপদ থাকবে। তিনি নেতৃত্ব দিলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে।”
ধর্মীয় সংখ্যালঘু সংগঠনের নেতাদের রাজনৈতিক কোন্দলে না জড়ানোর অনুরোধও করেন নওফেল।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপপ্রচার সম্পাদক কাউন্সিলর শহীদুল আলম, উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন।
