‘অতীতের বিচ্ছিন্ন ঘটনা’ মাথায় রেখে দুর্গা পূজার নিরাপত্তা: সিএমপি কমিশনার
“আমরা কোনো কিছু নিয়ে শঙ্কিত বোধ করছি না। তবে বিভিন্ন সময়ে যেহেতু বিচ্ছিন্ন ঘটনা আছে, সেগুলোকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।”
দুর্গা পূজার নিরাপত্তায় কোনো শঙ্কা না থাকলেও অতীতের ‘বিচ্ছিন্ন ঘটনার’ বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের মণ্ডপ জেএম সেন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বন্দর নগরীর দুর্গা পূজার নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “আমরা কোনো কিছু নিয়ে শঙ্কিত বোধ করছি না। শঙ্কা করার মতো কিছু নেই। তবে বিভিন্ন সময়ে যেহেতু বিচ্ছিন্ন ঘটনা আছে, সেগুলোকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। এসব বিষয়ে কোনো কার্পণ্য করিনি।”
নগরীতে ২৭৭টি মণ্ডপে পূজা হচ্ছে এবার। কৃষ্ণপদ জানান, তাদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পূজা কমিটিগুলোকেও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
“মণ্ডপকেন্দ্রীক একটি করে ‘সম্প্রীতি কমিটি’ করা হয়েছে, যেখানে গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সমন্বিত প্রয়াসে চার দিনব্যাপী এ উৎসব নিরাপত্তার মধ্য নিয়ে শেষ করা যাবে।”
নগর পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও পূজা কমিটির সভাপতি আশীষ ভট্টচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
দেবীর বোধনের মধ্য নিয়ে শুক্রবার শুরু হবে এ বছরের শারদীয় দুর্গা পূজা। শনিবার সপ্তমী তিথি থেকে সোমবার নবমী তিথি পর্যন্ত চলবে মূল পূজা।
মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে উৎসব।
