মজুরি বাড়ানোর দাবিতে ফটিকছড়িতে সড়কে চা শ্রমিকরা
এতদিন ফটিকছড়ির বিভিন্ন চা বাগানের ভেতরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা, মঙ্গলবার তারা সড়কে নেমে আসেন।
দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন রামগড় চা বাগানের কয়েকশ শ্রমিক।
মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে রামগড় সড়কে তারা বিক্ষোভ করেন।
চা বাগানটি রামগড়ে হলেও ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মধ্যে কিছুটা পড়েছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে ফটিকছড়ির বিভিন্ন চা বাগানের ভেতরেই এতদিন শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন।
কিন্তু মঙ্গলবার সকালে তারা বাগানের বাইরের সড়কে এসে আন্দোলন শুরু করেন। ফলে ওই সড়কে দুপুর পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে ঘটনার পরই ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি ঘটনাস্থলে হাজির হয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা সড়ক অবরোধ করলেও তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। তাদের বুঝিয়ে সড়ক থেকে দুপুর দেড়টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
চট্টগ্রাম জেলায় ২১টি চা বাগান রয়েছে, এর মধ্যে ১৭টিই ফটিকছড়ি উপজেলায়।
মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে দেশের চা শ্রমিকরা আন্দোলন করছে। মূলত সিলেট অঞ্চলের শ্রমিকরাই এতে নেতৃত্ব দিচ্ছে।
