সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস: চট্টগ্রামে ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ ও মো. তাউসিফ এবং উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট দেয়ায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এরা হলেন- লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ ও মো. তাউসিফ এবং উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।
বুধবার উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি নীতি আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।”
উপজেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহনকারী একটি সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই।
পাশাপাশি অব্যাহতি পাওয়া তিন নেতাকে ‘স্থায়ী বহিস্কারের জন্য’ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
যুদ্ধাপরাধী সাঈদী সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
