হত্যা মামলায় ১৯ বছর পর তিনজনের যাবজ্জীবন
সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি গ্রামে ২০০৪ সালের ১৯ জুন রাতে নুরুল আলমকে গুলি করে তাকে হত্যা করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় ১৯ বছর আগে এক ব্যক্তিকে খুনের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- মো. হারুন, আসাদুল্লাহ হক ওরফে আসাদ ও তোফায়েল আহমেদ। তিনজনই পলাতক।
মামলার আরেক আসামি ওয়াহিদুজ্জামানকে খালাস দেয়া হয়েছে।
ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য একটি মামলায় সাক্ষী দেওয়ায় নুরুল আলম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ ছিল আসামিদের বিরুদ্ধে ।
“অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর করে সাজা দিয়েছেন।”
মামলার নথি থেকে জানা যায়, সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি গ্রামে ২০০৪ সালের ১৯ জুন রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন নুরুল আলম। ওই সময় ঘরের জানালা দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়।
২০১০ সালের ১৩ মে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
এ ঘটনায় আসামি তোফায়েল আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় দিল।
