২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে চালের পাইকারি বাজারে অভিযান

একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 08:18 PM

Updated : 15 Jan 2024, 08:18 PM

চালের বাড়তি দর ঠেকাতে চট্টগ্রামে চালের পাইকারি আড়ত পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম উমর ফারুক ও প্রতীক দত্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই আড়তের ব্যবসায়ীদের সতর্ক করেছে।  পাশাপাশি একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী হাকিম উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে তথ্য ছিল ব্যবসায়ী  ছাড়াও অনেকেই ট্রেড লাইসেন্স বা লাইসেন্স ছাড়া ধান-চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন।  তাদের বিরুদ্ধে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। সেই অনুযায়ী সোমবার পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করা হয়।”

ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক জানান, অভিযানে একাধিক আড়তদারকে চাল মজুদের বিষয়ে সতর্ক করা হয়।  একটি আড়তের মালিক লাইসেন্স দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “মিলার ও আড়তদাররা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে ব্যাপারে নজর দিচ্ছি।

“পাশাপাশি চাল উৎপাদনশীল অঞ্চলগুলোতে চাল মজুদ এবং অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের বেনামে চাল মজুদের ব্যাপারও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।”