১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাস নিয়ে রাতে ঘুরে ঘুরে ছিনতাই, গ্রেপ্তার ৫

এই চক্রের সদস্যরা দিনে বাসটিতে পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করত; রাতে ওই বাস নিয়েই করত ছিনতাই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 02:50 PM

Updated : 12 Jul 2023, 02:50 PM

চট্টগ্রামে এক ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি বাসও জব্দ কর হয়েছে।

পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা দিনের বেলায় ফিটনেসবিহীন বাসটি নিয়ে শহরের বিভিন্ন জায়গার পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজ করত। আর রাতে ওই বাসে যাত্রী তুলে তাদের মারধর করে টাকাপয়সা ও মোবাইল ছিনিয়ে নিত।

গ্রেপ্তার পাঁচ জন হলেন- মো. আজিম (২৫), সাজ্জাদ হোসেন আজাদ (২৪), মো. নিশাদ (২০), মো. মুন্না (২১) ও সাইফুল ইসলাম নাঈম (২৬)। 

মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত রোববার ভোরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে পারভেজ খান নামের এক ব্যবসায়ী জানান, একটি বাসে উঠে ছিনতাইকারীর কবলে পরেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চক্রটিকে ধরেছে।

পারভেজ খান একজন কাঠ ব্যবসায়ী, মুন্সীগঞ্জ থেকে চট্টগ্রামে এসেছিলেন বন্দর থেকে কাঠ কেনার জন্য। রোববার ভোর সোয়া চারটার দিকে তিনি জিইসি মোড়ে বাস থেকে নামেন। ওই সময় বন্দরে যাওয়ার জন্য একটি বাসে উঠে ছিনতাইকারীদের কবলে পড়েন। বাসে যাত্রীবেশে বসে ছিল ছিনতাইকারীরা।

বাসটি লালখান বাজার মোড় থেকে ডান পাশ দিয়ে ইউটার্ন নিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠে যায়। চালকের সহকারী তখন বাসের দরজা আটকে দেয়। যাত্রীবেশী ছিনতাইকারীরা এরপর পারভেজকে মারধর করে তার মোবাইল, নগদ সাড়ে ২০ হাজার টাকা, ঘড়ি ও ব্যাগ ছিনিয়ে নেয়।

এরপর পারভেজকে ফ্লাইওভারের উপরে ফেলে রেখে বাসটি নিয়ে চলে যায়। পরে পারভেজের ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ওসি সন্তোষ জানান, পারভেজের অভিযোগ পাওয়ার পর খুলশী থানা পুলিশের একটি দল জিইসি, ওয়াসা, সানমার, চান্দগাঁও, এক কিলোমিটার, বহদ্দারহাট, মুরাদপুরসহ বিভিন্ন স্থানের ৭৭টি সিসি ক্যামেরার ভিডিও দেখে বাসটি শনাক্ত করে।

এরপর মঙ্গলবার চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। ওই সময়ে বাসের ভেতরে থাকা আজিম, সাজ্জাদ, নিশান ও সাইফুলকে আটক করা হয়।

ওসি সন্তোষ বলেন, “জিজ্ঞাসাবাদে এই চারজন অপরাধ স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যে সিঅ্যান্ডবি এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।”  

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পারভেজের মানিব্যাগ ও জামাকাপড়ও উদ্ধার করেছে পুলিশ।