১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তাকর্মী হত্যার ১৭ বছর পর দুই জনের যাবজ্জীবন

দণ্ডিতরা হলেন গ্যারেজের দুই কর্মী আলমগীর হোসেন ও আবু তাহের। এদের মধ্যে আবু তাহের পলাতক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 08:35 PM

Updated : 07 Aug 2023, 08:35 PM

সতের বছর আগে নগরীতে গ্যারেজের এক নিরাপত্তাকর্মীকে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। 

সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এই রায় দেয়। 

দণ্ডিতরা হলেন- ওই গ্যারেজের দুই কর্মী আলমগীর হোসেন ও আবু তাহের। এদের মধ্যে আবু তাহের পলাতক। 

মামলায় মুর্শিদ আলম ও ইসমাইল হোসেন নামের অন্য দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। 

আদালতের অতিরিক্ত পিপি মো. নোমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই আসামির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।” 

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৯ ডিসেম্বর বিকাল ৫টায় হালিশহর থানার সবুজবাগ হক সাহেবের গ্যারেজে যান সেখানকার প্রহরী রবিউল আলম (৪২)। 

সেদিনই ঘণ্টাখানেক পর তার স্ত্রী পারুল আক্তার একটি বালতি কেনার জন্য গ্যারেজে গিয়েছিলেন। সে সময় তিনি রবিউলকে গ্যারেজ মালিকের সঙ্গে বেরিয়ে যেতে দেখেন।

পরদিন সকালে গ্যারেজের ম্যানেজার বাসায় গিয়ে পারুল আক্তারকে জানান, তার স্বামীর লাশ গ্যারেজে পড়ে আছে। 

খবর পেয়ে পারুল আক্তার গিয়ে হাতে পায়ে জখম অবস্থায় রবিউলের মরদেহ গ্যারেজে দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ ‍উদ্ধার করে। 

এ ঘটনায় পারুল আক্তার বাদি হয়ে হালিশহর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ২০০৮ সালের ৯ জুন। 

২০০৯ সালের ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। 

মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এই রায় দেয়া হলো।