০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এনসিটিতে বিদেশি অপারেটর: ‘জাতিকে অন্ধকারে রেখে’ সিদ্ধান্ত নিয়েছে সরকার

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও স্কপের; প্রধানমন্ত্রীর প্রতি সিদ্ধান্ত বাতিলের আহ্বান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 08:04 PM

Updated : 01 Oct 2026, 08:04 PM

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদন দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, “সরকার জাতিকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

“আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সবশেষ গত ২৭ সেপ্টেম্বর আমাদের প্রতিবাদ সমাবেশ থেকেও বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করতে চাই। সেই সুযোগ দেওয়া হয়নি।”

বন্দরের শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের মধ্যেই এনসিটি নিয়ে এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে হুমায়ুন কবির বলেন, “আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার বিকালে পোর্ট কলোনি ১২ নম্বর রোডের শহীদ মিনারে আমাদের প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হবে।

“এখনো সময় ও সুযোগ আছে, সরকারের কাছে আহ্বান, তারা যেন এ সিদ্ধান্ত থেকে সরে আসে।”

এদিকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

“আমরা আজকের সিদ্ধান্তের নিন্দা জানাই। এই সিদ্ধান্ত বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি।”

আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদনের কথা বলা হয়েছে।

এনসিটি পরিচালনার দায়িত্ব কোন বিদেশি অপারেটরকে দেওয়া হয়েছে, সেটি বলা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এ টার্মিনাল ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা আছে শুরু থেকেই।

আরও পড়ুন

পুরানো খবর:

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারার প্রক্রিয়া: শ্রমিক দল ও বন্দর রক্ষা পরিষদের বিক্ষোভ
এনসিটি চালাবে বিদেশি অপারেটর