চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল
মিছিলের পর পুলিশ অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে দুইজনকে আটক করেছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।
বৃহস্পতিবার সকালে নগরীর নিউ মার্কেট মোড় থেকে আমতল পর্যন্ত সড়কে এই মিছিল করে যুদ্ধাপারাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর এ অঙ্গ সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিবিরের নেতাকর্মীরা অল্প অল্প করে নিউ মার্কেট মোড়ে জড়ো হন। এরপর তারা ব্যানার বের করে মিছিল নিয়ে আমতল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতুনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল বেলা ঝটিকা মিছিল শুরু করেছিল শিবির কর্মীরা। পরে পুলিশ দেখে সটকে পড়ে। এরপর পুলিশ অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে দুইজনকে আটক করেছে।”
গ্রেপ্তার দুজন হলেন- আলকরণ ওয়ার্ড জামায়াত ইসলামীর সদস্য ও সিডিএ মার্কেট ইউনিটের সেক্রেটারি মো. সাদেক হোসেন (৩৩) ও মো. মামুন।
সহকারী কমিশনার অতুনু বলেন, “জামায়াত-শিবির কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে মিছিল করেছিল। পুলিশ দেখে তারা ছত্রভঙ্গ হওয়ার পর ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি মুখে কাপড় লাগানো চারটি বোতল, বেশকিছু কাঠের ও বাঁশের লাঠি, ইট পাথর জব্দ করা হয়েছে।”
একজন পুলিশ কর্মকর্তা বলেন, বিভিন্ন সময়ে গোপন বৈঠক করলেও দীর্ঘদিন পর কোতোয়ালি এলাকায় প্রকাশ্যে মিছিল করল ইসলামী ছাত্র শিবির। নগরীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নিউ মার্কেট এলাকায় ২০১৫ সালের পর তাদের কোনো মিছিল দেখা যায়নি।
এর আগে গত ১৫ অগাস্ট দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দিয়ে জমিয়াতুল ফালাহ জামে মসজিদে জড়ো হওয়ার চেষ্টা করে শিবির কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
